৩৪ বছর পর আজ বৈঠকে বসছেন ইসরায়েল ও লেবাননের নেতারা
৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননেরর নেতারা আজ বৃহস্পতিবার বৈঠকে বসছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম টুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প লিখেছেন, দুই দেশের মধ্যে দীর্ঘ প্রায় ৩৪ বছর ধরে সরাসরি কোনো উচ্চপর্যায়ের আলোচনা হয়নি। বর্তমান পরিস্থিতিতে একটি “স্বস্তির পরিবেশ” তৈরি করার লক্ষ্যেই এই বৈঠক আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, চলমান উত্তেজনার পেছনে বড় ভূমিকা রয়েছে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত। গত ২ মার্চ থেকে ইরান-সমর্থিত এই সংগঠনটি ইসরায়েলের ওপর হামলা জোরদার করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং লেবানন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে।
এ সংঘর্ষে ইতোমধ্যে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানা গেছে। দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী অতিরিক্ত এলাকা দখল করেছে এবং সেখানে একটি তথাকথিত “বাফার জোন” তৈরির চেষ্টা চালাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে—যদিও ফলাফল নির্ভর করবে উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা ও কূটনৈতিক সমঝোতার ওপর।

