Logo
Logo
×

আন্তর্জাতিক

মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরান ‘জাহান্নামে’ বাস করবে: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ এএম

মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরান ‘জাহান্নামে’ বাস করবে: ট্রাম্প

হরমুজ প্রণালী সব ধরনের সামুদ্রিক চলাচলের জন্য উন্মুক্ত না দিলে আগামী মঙ্গলবারের মধ্যে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক কটূক্তিপূর্ণ পোস্টে তিনি বলেন, ইরানের ‘পাগল বদমাশদের’ ‘জাহান্নামে বাস করতে হবে’। ইরানে নিহত শেষ মার্কিন বিমানচালক উদ্ধারের ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এ হুমকি দেন।

ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, মঙ্গলবার ইরানে বিদ্যুৎকেন্দ্র দিবস ও সেতু দিবস—দুটোই একসঙ্গে হবে। এর মতো কিছু আর কখনো হবে না!!!” পরে রোববার তিনি আরেকটি পোস্টে শুধু ‘মঙ্গলবার, রাত ৮টা, পূর্বাঞ্চলীয় সময়!’ লেখেন, তবে এর ব্যাখ্যা দেননি। হোয়াইট হাউজ জানিয়েছে, এই সময়টি এখন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি করার শেষ সময়সীমা।

যুদ্ধ দ্বিতীয় মাসে পা দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এরই মধ্যে ট্রাম্প বারবার ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার হুমকি দিয়ে আসছেন, যার মধ্যে ইরানকে ‘পাথর যুগে’ ফিরিয়ে দেয়ার কথাও রয়েছে। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, বেসামরিক অবকাঠামো ধ্বংস করা যুদ্ধাপরাধ হতে পারে।

সিনেটর টিম কেইন এনবিসির ‘মিট দ্য প্রেস’-এ ট্রাম্পের এই মন্তব্যকে ‘লজ্জাজনক ও অপরিণত’ বলে আখ্যায়িত করেন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের মন্তব্য ভবিষ্যতে ইরানে বন্দী যেকোনো মার্কিন বিমানচালকের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। সিনেট সশস্ত্র বাহিনী কমিটির সদস্য কেইন বলেন, “অন্য পক্ষের লোকদের জন্য কোনো ছাড় নেই—এ ধরনের বার্তা দিলে তারা আমাদের লোকদের খারাপ ব্যবহার করতে উৎসাহিত হয়।”

অন্যদিকে ইরানও পিছু হটার কোনো লক্ষণ দেখায়নি। তারা উপসাগরীয় আরব দেশগুলোর অর্থনৈতিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।  রবিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একটি ভিডিও প্রচার করে, যাতে ইরানি বাহিনীর গুলিতে ভূপাতিত মার্কিন বিমানের কিছু অংশ ও কালো ধোঁয়ার ছবি দেখানো হয়। সম্প্রচারক জানায়, ইরান একটি মার্কিন পরিবহন বিমান এবং উদ্ধার অভিযানে থাকা দুটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।

তবে এই মিশনে জড়িত এক আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিজেরাই দুটি পরিবহন বিমান উড়িয়ে দিয়েছে, যা উদ্ধার অভিযান সম্পন্ন করতে আরও বিমান নিয়ে আসতে বাধ্য করে। রোববার ইরানের সামরিক যৌথ কমান্ড দাবি করে, উদ্ধার অভিযানের সময় চারটি মার্কিন বিমান ধ্বংস করা হয়েছে। তারা সতর্ক করে দেয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালায়, তাহলে জবাবে তারা আঞ্চলিক তেল ও বেসামরিক অবকাঠামোতে আরও জোরালো হামলা চালাবে।

গত ২৬ মার্চ ট্রাম্প জানিয়েছিলেন, ইরান সরকারের অনুরোধে তিনি ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত করছেন। বুধবার হোয়াইট হাউজ থেকে দেয়া এক ভাষণে ট্রাম্প আমেরিকানদের বলেন, তিনি আশা করছেন ইরান যুদ্ধ আরও দুই থেকে তিন সপ্তাহ চলবে, তবে সংঘাত শেষের কাছাকাছি। এসঅ্যান্ডপি গ্লোবালের তথ্যমতে, এ সপ্তাহে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১৪১ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে, যা ২০০৮ সালের আর্থিক সংকটের পর সর্বোচ্চ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন