Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে মার্কিন এফ-১৫ ভূপাতিত, ক্রু নিখোঁজ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪১ এএম

ইরানে মার্কিন এফ-১৫ ভূপাতিত, ক্রু নিখোঁজ

ইরানি বাহিনী মার্কিন একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।  এতে বিমানটির দুই ক্রু সদস্যের একজন উদ্ধার পেলেও অপরজনের অবস্থান এখনও নিশ্চিত করতে পারেনি যুক্তরাষ্ট্র।  গত ফেব্রুয়ারি শেষে ইরানে যুদ্ধ শুরুর পর থেকে এটি মার্কিন যুদ্ধবিমানের প্রথম নথিভুক্ত ক্ষতি।  এদিকে একই দিনে আরেকটি মার্কিন বিমানও দুর্ঘটনায় পড়লেও তার পাইলট উদ্ধার করা সম্ভব হয়েছে।

মাইএসএনওর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ইরানি বাহিনী মার্কিন একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ফেলে দিলে এক ক্রু সদস্যকে উদ্ধার করা হয়। দু’জন মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, দ্বিতীয় ক্রু সদস্যের সন্ধানে অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এই ঘটনায় পেন্টাগন ও ইউএস সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমান ভূপাতিত হওয়া এবং ক্রু সদস্যদের উদ্ধার অভিযানের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে।

এই ঘটনা ঘটেছে অত্যন্ত সূক্ষ্ম এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র ইরানের ওপর আক্রমণ কমানোর কোনো লক্ষণ দেখায়নি। অন্যদিকে সম্ভাব্য শান্তি আলোচনার খবর এলেও তাতে কোনো অগ্রগতি হয়নি। শুক্রবার এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, বিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সাথে সম্ভাব্য আলোচনায় প্রভাব ফেলবে না।

এখন পর্যন্ত এক মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে মৃতের সংখ্যা প্রায় ৫ হাজার ১০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে মাইএসএনও। এই যুদ্ধের ফলে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে এবং অপরিশোধিত তেল, সার ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ হুমকির মুখে পড়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে ট্রাম্প দাবি করেন, আরও সময় পেলে যুক্তরাষ্ট্র ‘সহজেই’ হরমুজ প্রণালী খুলে দিতে পারে, ‘তেল দখল করে নিতে পারে এবং প্রচুর অর্থ উপার্জন করতে পারে।’ এছাড়া বৃহস্পতিবার রাতে ইরানের অবকাঠামোতে হামলা আরও জোরদারের হুমকি দেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘ইরানে যা কিছু অবশিষ্ট আছে, তা ধ্বংস করাও শুরু করেনি’, যার মধ্যে সেতু ও বিদ্যুৎকেন্দ্রের কথাও উল্লেখ করেন তিনি। বুধবার দেয়া এক ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে ‘পাথর যুগে’ ফিরিয়ে দেবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন