Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ২-৩ সপ্তাহেই শেষ হতে পারে, চুক্তি বাধ্যতামূলক নয়: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫২ এএম

ইরান যুদ্ধ ২-৩ সপ্তাহেই শেষ হতে পারে, চুক্তি বাধ্যতামূলক নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘দুই থেকে তিন সপ্তাহের মধ্যে’ শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি ঘোষণা দিয়েছেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরান থেকে প্রত্যাহার করা হবে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র খুব দ্রুতই ইরানে চালানো সামরিক অভিযান গুটিয়ে নিতে পারে। তার ভাষায়, দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আমরা এটা শেষ করে ফেলব।

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে কড়া মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় দেশটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।  এসব হামলার পর ইরানের ঘুরে দাঁড়াতে ১৫ থেকে ২০ বছর সময় লাগতে পারে।

ইরানের সামরিক শক্তি নিয়েও কঠোর মন্তব্য করেন তিনি।  ট্রাম্প দাবি করেন, দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও টেলিযোগাযোগ সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ইরান যদি আলোচনায় আসে, তা ভালো। তবে তারা না এলেও যুক্তরাষ্ট্র নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধের ইতি টানতে পারবে।

এদিকে ইরাকে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী “ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক” দাবি করেছে, তারা গত একদিনে ইরাকসহ বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ২৩টি হামলা চালিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, এসব হামলায় ডজনখানেক ড্রোন ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ইসফাহানের মোবারাকেহ স্টিল প্ল্যান্টসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনায় হামলা হয়েছে বলে তারা দাবি করেছে।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী বৈরুতের দক্ষিণে খালদে এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। 

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন