Logo
Logo
×

আন্তর্জাতিক

মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা, সমর্থনের বার্তা রাশিয়ার; হত্যা হুমকির বিরোধিতা চীনের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৫:৫১ পিএম

মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা, সমর্থনের বার্তা রাশিয়ার; হত্যা হুমকির বিরোধিতা চীনের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের পর রাশিয়া সমর্থন জানিয়েছে এবং সম্ভাব্য হত্যা হুমকির বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন।

আজ সোমবার নতুন নেতাকে পাঠানো এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানের প্রতি ‘অবিচল সমর্থন’ পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, রাশিয়া সবসময়ই ইরানের নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

পুতিন আরও বলেন, এমন এক সময়ে মোজতবা খামেনি দায়িত্ব নিয়েছেন, যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মুখে রয়েছে। এই দায়িত্ব পালনে অসীম সাহস ও আত্মোৎসর্গ প্রয়োজন হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে চীনও নতুন নেতার নিয়োগকে ইরানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, ইরান তাদের সংবিধান অনুযায়ী নতুন নেতাকে নির্বাচন করেছে এবং অন্য কোনো দেশের এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।

তিনি বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সবার সম্মান দেখানো প্রয়োজন।

এর আগে গত ৪ মার্চ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাৎজ ইরানের নতুন নেতা নিয়োগ পেলে তাকেও হত্যার হুমকি দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান যদি নতুন কোনো নেতার মাধ্যমে ইসরায়েলবিরোধী কার্যক্রম চালিয়ে যায়, তবে তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে।

এ পরিস্থিতিতে ইরানের নতুন নেতৃত্বকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন