Logo
Logo
×

আন্তর্জাতিক

হামলায় ইরানে তিন হাজারের বেশি বাড়ি, ৫০০ বাণিজ্যিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০১:০৩ পিএম

হামলায় ইরানে তিন হাজারের বেশি বাড়ি, ৫০০ বাণিজ্যিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত

ইরানে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি বলছে, দেশজুড়ে হামলায় তিন হাজারের বেশি বাড়ি এবং প্রায় ৫০০টি বাণিজ্যিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজধানী তেহরানে। শহরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলো হামলার মূল লক্ষ্য ছিল বলেও সংস্থাটি দাবি করেছে।

সংস্থাটির বক্তব্য, হামলার ফলে ১৪টি চিকিৎসা ও ওষুধসংক্রান্ত কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমে চাপ তৈরি হয়েছে।

রেড ক্রিসেন্ট আরও জানায়, তেহরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাও ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে রয়েছে কয়েকটি হাসপাতাল, তেহরান বাজার, দেশীয় ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহৃত মেহরাবাদ বিমানবন্দর এবং আজাদি স্টেডিয়াম।

হামলায় তাদের পাঁচজন ত্রাণকর্মী আহত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

তবে ইরানিয়ান রেড ক্রিসেন্টের দেওয়া এই ক্ষয়ক্ষতির হিসাব স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

বৃহস্পতিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শহরের শাহিদ বরুজেরদি আবাসিক কমপ্লেক্সে বড় ধরনের ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। সেখানে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ইসরায়েল ঘোষণা দেয়, তারা তেহরানজুড়ে ‘বিস্তৃত পরিসরের হামলা’ শুরু করেছে। এরপরই রাজধানীতে বিস্ফোরণের আলো দেখা যায়। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শহরের একটি ব্যস্ত শপিং সড়কেও আঘাত হানা হয়েছে।

এদিকে লেবাননেও উত্তেজনা বাড়ছে। ইসরায়েল জানিয়েছে, তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এর আগে দক্ষিণ বৈরুতের প্রায় পুরো এলাকার বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়। ধারণা করা হয়, ওই এলাকায় পাঁচ লাখের বেশি মানুষ বাস করে। এতে মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্ব নিয়েও মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরানের জন্য উপযুক্ত নতুন নেতার বিষয়ে তার মাথায় কিছু নাম আছে। 

সূত্র: সিএনএন

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন