১৫% নয়, আপাতত যুক্তরাষ্ট্রের ১০% শুল্ক কার্যকর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন বৈশ্বিক শুল্ক মঙ্গলবার থেকে ১০ শতাংশ হারে কার্যকর হয়েছে। যদিও এর আগে তিনি শুল্কহার ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। তবে হোয়াইট হাউসের প্রকাশিত সরকারি নথি অনুযায়ী আপাতত ১০ শতাংশ হারেই শুল্ক আরোপ করা হয়েছে এবং তা বাড়ানোর বিষয়ে কোনো নতুন নির্দেশনা জারি করা হয়নি।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা বিস্তৃত আমদানি শুল্কের বড় অংশ স্থগিত করলে নতুন করে এ হার নির্ধারণ করা হয়। ৬-৩ ভোটের রায়ে আদালত বলেন, ১৯৭৭ সালের আইইইপিএ আইনের আওতায় ব্যাপক বৈশ্বিক শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
তবে শুক্রবার স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে ট্রাম্প দাবি করেন, ১০ শতাংশ অস্থায়ী আমদানি শুল্ক আন্তর্জাতিক অর্থপ্রদানের ভারসাম্যহীনতা মোকাবিলা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক পুনর্বিন্যাসের অংশ। প্রশাসন ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ধারা ১২২ অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়াই ১৫০ দিনের জন্য এ শুল্ক আরোপ করেছে।
অন্যদিকে, বিনিয়োগ ব্যাংক আইএনজির বিশ্লেষক কারস্টেন ব্রজেস্কি বলেন, দ্রুত নীতি পরিবর্তনের কারণে ব্যবসায়িক অনিশ্চয়তা বেড়েছে এবং পূর্ণাঙ্গ বাণিজ্যযুদ্ধের ঝুঁকি আগের চেয়ে বেশি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
এদিকে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, প্রয়োজনে তারা পাল্টা ব্যবস্থা নিতে পারে। ভারতও চলমান বাণিজ্য আলোচনা সাময়িকভাবে স্থগিত করার ইঙ্গিত দিয়েছে।

