Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় বসছে ওমানে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম

ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় বসছে ওমানে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিশ্চিত করেছেন, তার দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার নতুন পর্ব এই সপ্তাহেই ওমানের মাসকটে অনুষ্ঠিত হবে।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, শুক্রবার সকাল ১০টায় (স্থানীয় সময়) এ বৈঠক শুরু হবে। এর আগে আলোচনার কাঠামো ও স্থান নিয়ে মতবিরোধ থাকায় বৈঠক পিছিয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল।

আব্বাস আরাগচি বলেন, ‘আমাদের ওমানি ভাইদের প্রতি আমি কৃতজ্ঞ, যারা আলোচনার সব ধরনের প্রস্তুতির দায়িত্ব নিয়েছেন।’

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান মঙ্গলবার সামাজিক মাধ্যমে লেখেন, তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ‘ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ আলোচনার’ নির্দেশ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রও বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, প্রাথমিকভাবে তুরস্কে আয়োজনের কথা থাকলেও এখন ওমানেই আলোচনা হবে।

আলোচনার প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে অনুসরণ করা দুটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, কাতার, তুরস্ক ও মিসরের মধ্যস্থতায় আলোচনার একটি মূল কাঠামো প্রস্তুত করা হয়েছে। এতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বড় আকারে সীমিত করার প্রতিশ্রুতি দেওয়ার কথা রয়েছে।

এছাড়া আলোচনার কাঠামোয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর বিধিনিষেধ এবং ইরানের আঞ্চলিক মিত্রদের অস্ত্র সহায়তা সীমিত করার বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে। 

এই আলোচনা এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কে আবারও উত্তেজনা বেড়েছে। ইরানে সরকারবিরোধী আন্দোলনে সহিংস দমন-পীড়নের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব সাগরে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। সম্ভাব্য হামলার আশঙ্কা ঘিরে পুরো অঞ্চল এখন স্নায়ুচাপে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ওয়াশিংটনের লক্ষ্য শুধু পারমাণবিক কর্মসূচি নয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক মিত্রদের প্রতি সহায়তা এবং দেশটির নিজ জনগণের প্রতি আচরণ নিয়েও আলোচনা করা।

তিনি আরও বলেন, ‘ইরানের ধর্মীয় নেতৃত্ব দেশটির সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে না। আমি পৃথিবীর আর কোনো দেশে এমন ব্যবধান দেখি না, যেখানে শাসক ও সাধারণ মানুষের মধ্যে এতটা ফারাক।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কূটনৈতিক সম্পর্ক ১৯৮০ সাল থেকে নেই। এর মধ্যেও নানা সময় আলোচনা হয়েছে। সর্বশেষ গত জুন মাসে মাসকটে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা হলেও, তখন ইসরায়েলের হামলার কারণে প্রক্রিয়াটি স্থগিত হয়ে যায়। এরপর যুক্তরাষ্ট্রও স্বল্প সময়ের জন্য সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

সূত্র: আল জাজিরা

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন