Logo
Logo
×

আন্তর্জাতিক

কঙ্গোয় খনিতে ধস: নিহত দুই শতাধিক

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

কঙ্গোয় খনিতে ধস: নিহত দুই শতাধিক

কঙ্গোর পূর্বাঞ্চলের রুবায়া কোলটান খনিতে ভয়াবহ ধসে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উত্তর কিভু প্রদেশে নিযুক্ত এম২৩ বিদ্রোহী-সমর্থিত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কামবেরে মুইসা।

তিনি বার্তাসংস্থা রয়টার্সকে জানান, খনিটি অবস্থিত উত্তর কিভুর রাজধানী গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ধস হয় বুধবার, তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সঠিক হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

মুইসা বলেন, ‘এই ভূমিধসে ২০০ জনের বেশি মানুষ মারা গেছে। তাদের মধ্যে খনি শ্রমিক, শিশু ও বাজারে কাজ করা নারীরাও আছে। কয়েকজনকে উদ্ধার করা গেছে, তবে তারা গুরুতর আহত।’

তিনি আরও জানান, ‘এখন বর্ষার সময় চলছে। মাটি খুব দুর্বল। যেসব মানুষ ওই গর্তে ছিল, তাদের ওপর মাটি ধসে পড়ে।’

এম২৩ বিদ্রোহী গোষ্ঠী নিযুক্ত উত্তর কিভু গভর্নর এরাস্টন বাহাতি মুসাঙ্গা শুক্রবার এএফপিকে জানান, ‘কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে’, তবে কতজন নিহত বা আহত হয়েছে তা তিনি নির্দিষ্ট করে বলেননি। তিনি ইঙ্গিত দেন, মৃতের সংখ্যা অনেক বেশি হতে পারে।

প্রাদেশিক গভর্নরের একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, নিহতের সংখ্যা ২০০ জনের বেশি। তিনি গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নিজের পরিচয় গোপন রাখেন।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বার্তাসংস্থা এএফপি স্বাধীনভাবে এই মৃত্যুর সংখ্যা যাচাই করতে পারেনি।

রুবায়ায় কাজ করা একজন খনি শ্রমিক ফ্রাঙ্ক বোলিঙ্গো এএফপিকে বলেন, ‘বৃষ্টি পড়ছিল, এরপর হঠাৎ ধস নামে। অনেক মানুষ ধসে চাপা পড়ে যায়। কেউ কেউ জীবিত মাটির নিচে আটকা পড়ে আছে।’

রুবায়া খনিটি বিশ্বের প্রায় ১৫ শতাংশ কোলটান উৎপাদন করে। এই খনিজ থেকে তান্তালাম তৈরি হয়, যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশযন্ত্র এবং গ্যাস টারবাইনের মতো প্রযুক্তিপণ্যে ব্যবহৃত হয়।

এই খনিতে স্থানীয়রা প্রতিদিন মাত্র কয়েক ডলারের বিনিময়ে হাতে খনন করে খনিজ উত্তোলন করে। ২০২৪ সাল থেকে খনিটি রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে এটি সরকার ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে বারবার হাতবদল হয়।

প্রচুর অস্ত্রধারী এম২৩ গোষ্ঠী, যারা কিনশাসার কেন্দ্রীয় সরকারকে উৎখাত করতে চায়, তারা গত বছর বিদ্যুত গতিতে অভিযান চালিয়ে পূর্বাঞ্চলের আরও খনিজসমৃদ্ধ অঞ্চল দখল করে নেয়।

জাতিসংঘ বলেছে, এম২৩ বিদ্রোহীরা রুবায়া খনির খনিজ লুট করে তাদের বিদ্রোহ চালিয়ে যাচ্ছে, আর এ কাজে রুয়ান্ডার সহায়তা রয়েছে। তবে রুয়ান্ডার সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

যদিও কঙ্গো বিশাল খনিজসম্পদের দেশ, তবু ৭০ শতাংশের বেশি মানুষ প্রতিদিন ২.১৫ ডলারের কম আয়ে জীবনযাপন করে। 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন