থাইল্যান্ডে ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২২
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত একটি বিশাল ক্রেন পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৫ জন।
বুধবার সকালে নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় দুর্ঘটনাটি ঘটে। রাজধানী ব্যাংকক থেকে ছেড়ে আসা ট্রেনটি উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি নির্মাণাধীন উচ্চগতির রেলপথের নিচ দিয়ে যাওয়ার সময় ওপরে থাকা ক্রেনটি হঠাৎ ভেঙে পড়ে ট্রেনটির ওপর।
ক্রেনটি ট্রেনের ওপর পড়ার পর তা লাইনচ্যুত হয়ে যায় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়।
প্রথমদিকে মাত্র ৪ জনের মৃত্যুর খবর জানানো হলেও পরে তা বেড়ে ১২ এবং সর্বশেষ ২২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে থাই পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনো চলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। উদ্ধারকারীরা আহতদের দ্রুত চিকিৎসা দিচ্ছেন।
ঘটনাস্থলের কিছু ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত ট্রেনের ধ্বংসাবশেষে জরুরি সহায়তা কর্মীরা কাজ করছেন।
সূত্র: আল জাজিরা

