ইরানের সঙ্গে ব্যবসা করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখন থেকে যেকোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক দিতে হবে। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং এটি চূড়ান্ত।
ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন এমন এক সময়, যখন ইরানে সরকারের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন চলছে। কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণে তারা সব ধরনের বিকল্প বিবেচনায় রাখছে, যার মধ্যে সামরিক হামলাও রয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট প্রথমে কূটনৈতিক সমাধানের পক্ষপাতী, তবে প্রয়োজনে সামরিক পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে।
চীন, সংযুক্ত আরব আমিরাত ও ভারত—ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার। ট্রাম্পের ঘোষণার পর চীন জানিয়েছে, তারা একতরফা নিষেধাজ্ঞা ও চাপের রাজনীতির বিরোধী। বেইজিংয়ের মতে, শুল্ক আরোপ বা বাণিজ্য যুদ্ধ কারও জন্যই লাভজনক নয়।
ইরানে চলমান বিক্ষোভ শুরু হয়েছিল অর্থনৈতিক সংকট ও মুদ্রার মান পতনের প্রতিবাদ দিয়ে। পরে সেটি ধর্মীয় শাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থানে রূপ নেয়। ইরানের রিয়ালের অবমূল্যায়ন, মূল্যস্ফীতি ও বেকারত্ব জনজীবনে বড় প্রভাব ফেলেছে।
বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৬৪৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়েভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটস। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা বলছে, ১০ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
তেহরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। যদিও ইরান সরকার এখনো নিহত বা গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের সংখ্যা নিয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য দেয়নি।
এদিকে ফ্রান্স জানিয়েছে, তাদের দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মীদের ইতিমধ্যে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

