Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে বিক্ষোভে ৫ শতাধিক মৃত্যু, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম

ইরানে বিক্ষোভে ৫ শতাধিক মৃত্যু, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। রোববার এই তথ্য প্রকাশ করা হয়। একই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি বিক্ষোভকারীদের পক্ষে হস্তক্ষেপ করে, তাহলে তারা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানিয়েছে, তাদের যাচাই করা তথ্য অনুযায়ী অন্তত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। 

গত দুই সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষ। ইরান সরকার এখনো কোনো মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি। বার্তা সংস্থাগুলোও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এই বিক্ষোভ শুরু হয় ২৮ ডিসেম্বর, লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে। পরে তা রূপ নেয় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ধর্মীয় শাসকদের বিরুদ্ধে আন্দোলনে। 

সরকার বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অস্থিরতা উসকে দিচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার সারা দেশে সমাবেশ ডাকা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ নিন্দা জানানো হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ হলে তিনি হস্তক্ষেপের কথা ভাবতে পারেন। তিনি জানিয়েছেন, ইরান ইস্যুতে কী করা যায় তা নিয়ে তিনি শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন। তার ভাষায়, ‘সামরিক বাহিনী বিষয়টি দেখছে, আর আমরা খুব শক্ত কিছু বিকল্প নিয়ে ভাবছি।’

ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রকে ‘ভুল হিসাব’ না করতে সতর্ক করেছেন। তিনি বলেন, ইরানে হামলা হলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি ও জাহাজ বৈধ লক্ষ্যবস্তু হবে।

বিক্ষোভের খবর ছড়িয়ে পড়া ঠেকাতে বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট কার্যত বন্ধ। তবুও সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, তেহরান ও মাশহাদসহ বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে, আগুন জ্বলছে, কোথাও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানি কর্তৃপক্ষের সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মতপ্রকাশ, সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে অবশ্যই সম্মান ও সুরক্ষা দিতে হবে।

সরকার রোববার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। অন্যদিকে বিশ্লেষকদের ধারণা, এই আন্দোলন হয়তো সরকারকে এখনই উৎখাত করতে পারবে না, তবে ইরান এই প্রক্রিয়া শেষে আরও দুর্বল অবস্থায় পৌঁছাতে পারে।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন