অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, গুলি ও অস্থিরতা—মিনেসোটায় প্রাণ হারালেন এক নারী
যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন নিয়ে উত্তেজনা আবারও ভয়াবহ রূপ নিয়েছে। মিনেসোটায় এক নারী গুলিতে নিহত হওয়ার একদিন পর ওরেগনে আরও এক ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুইজন।
দুই দিনের ব্যবধানে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দুটি ঘটনা ঘটায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়েছে। কীভাবে এসব ঘটল, কেন ঘটল—সে বিষয়ে দুই পক্ষের বক্তব্য একেবারেই ভিন্ন।
বুধবার মিনেসোটার মিনিয়াপোলিসে গুলিতে মারা যান রেনে নিকোল গুড নামের ৩৭ বছর বয়সী এক নারী। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। এক স্থানীয় অধিকারকর্মীর ভাষ্য অনুযায়ী, তিনি আশপাশে অভিবাসন পুলিশ কী করছে তা দেখছিলেন, এমনই একটি ‘নিরব পর্যবেক্ষণ দলের’ সদস্য ছিলেন। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেন, তিনি গাড়ি চালিয়ে একজন অফিসারকে চাপা দিতে চেয়েছিলেন।
এ ঘটনার একদিন পর, বৃহস্পতিবার ওরেগনের পোর্টল্যান্ডে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হন আরও একজন পুরুষ ও একজন নারী। ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা গাড়িকে ‘অস্ত্র হিসেবে’ ব্যবহার করার চেষ্টা করছিল।
এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে মিনেসোটায়। রাস্তায় নেমে আসেন শত শত মানুষ। ‘হত্যা’ ও ‘লজ্জা’ লেখা স্লোগান তুলতে দেখা যায় বিক্ষোভকারীদের। বিক্ষোভ দমন করতে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। রাজ্যের গভর্নর ন্যাশনাল গার্ডকে সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন।

