Logo
Logo
×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলা প্রায় ৫.২ বিলিয়ন ডলারের সোনা পাঠিয়েছে সুইজারল্যান্ডে

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

ভেনেজুয়েলা প্রায় ৫.২ বিলিয়ন ডলারের সোনা পাঠিয়েছে সুইজারল্যান্ডে

নিকোলাস মাদুরোর শাসনের শুরুর দিকে দেশটি প্রায় ৫.২ বিলিয়ন ডলারের সোনা পাঠিয়েছিল সুইজারল্যান্ডে। 

সংবাদ সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা তথ্য অনুযায়ী, ২০১৩ সালে মাদুরো ক্ষমতায় আসার পর থেকে ২০১৬ সাল পর্যন্ত ভেনেজুয়েলা মোট ১১৩ মেট্রিকটন সোনা সুইজারল্যান্ডে পাঠায়। এই সোনা ছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংকের মজুত থেকে নেওয়া। সে সময় সরকার অর্থনীতি টিকিয়ে রাখতে ধাপে ধাপে সোনার মজুদ বিক্রি করছিল।

সুইস সম্প্রচারমাধ্যম এসআরএফ জানিয়েছে, ওই সোনা মূলত প্রক্রিয়াজাতকরণ, মান যাচাই এবং পরবর্তী পরিবহনের জন্য সুইজারল্যান্ডে পাঠানো হয়েছিল। বিশ্বের বড় সোনা পরিশোধন কেন্দ্রগুলোর একটি হচ্ছে সুইজারল্যান্ড। সেখানে পাঁচটি বড় রিফাইনারি রয়েছে।

তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে আর কোনো সোনা পাঠানো হয়নি। ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়ন ভেনেজুয়েলার কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র ক্ষুণ্ণ করার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। সুইজারল্যান্ডও সেই নিষেধাজ্ঞা কার্যকর করে।

তবে ভেনেজুয়েলা থেকে সোনা আমদানির ওপর সরাসরি কোনো সাধারণ নিষেধাজ্ঞা ছিল না। এরপরও সোনা রপ্তানি বন্ধ হয়ে যায়। বাজার বিশ্লেষকেরা বলছেন, কারণটি খুব বাস্তব। তখন ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করার মতো সোনা আর তেমন ছিল না।

স্টোনএক্সের বাজার বিশ্লেষক রোনা ও’কনেল বলেন, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক বড় ধরনের আর্থিক চাপে পড়ে সোনা বিক্রি করেছিল। 

এদিকে সম্প্রতি কারাকাসে অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যায়। নিউইয়র্কের একটি আদালতে তার বিরুদ্ধে মাদক পাচার ও মাদক-সন্ত্রাসবাদের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। সোমবার সুইজারল্যান্ড মাদুরো ও তার ছত্রিশজন সহযোগীর দেশটিতে থাকা সম্পদ জব্দের নির্দেশ দেয়। তবে ওই সম্পদের পরিমাণ বা উৎস সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো সোনার সঙ্গে জব্দ করা ওই সম্পদের কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন