মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে তুলে নেওয়ার ইঙ্গিত মেদভেদেভের
জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্জকে তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তার এই মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জার্মানি। খবর আনাদোলু এজেন্সির।
চলতি সপ্তাহের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে আটক করা হয়েছে, সেটিকে উদাহরণ হিসেবে টেনে মেদভেদেভ বলেন, তিনি অন্যান্য বিশ্বনেতাদের—বিশেষ করে জার্মান চ্যান্সেলর মার্জকে—অপহরণের সম্ভাবনা কল্পনা করতে পারেন।
মেদভেদেভ আরও বলেন, নিও-নাৎসি মার্জের অপহরণ এই ঘটনার কার্নিভালে এক চমৎকার মোড় হতে পারে। যুক্তরাষ্ট্রের মতো শক্তির পক্ষে এমন একটি অপারেশন মোটেও অবাস্তব নয়। এ সময় তিনি জার্মানিতে মার্জের বিরুদ্ধে অভিযোগ আনার মতো ‘ভূমিকা’ রয়েছে বলেও দাবি করেন।
মেদভেদেভের এ মন্তব্যের কড়া নিন্দা জানিয়েছে জার্মানি। দেশটির সরকারি মুখপাত্র সেবাস্টিয়ান হিলে বলেন, চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্জ সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত আছেন। তার নিরাপত্তা জোরদার করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
এর আগে এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। মাদক পাচারের অভিযোগে তাদের আদালতের মুখোমুখি হতে হচ্ছে। এই ঘটনাকেই নিজের বক্তব্যের প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করেন মেদভেদেভ।
তবে মেদভেদেভের এমন বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক বলে মনে করছে জার্মানি, যা কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

