মার্কিন যুদ্ধজাহাজে বন্দী মাদুরোর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প
মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রথম ছবি প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত ছবিতে মাদুরোকে একটি মার্কিন যুদ্ধজাহাজের ডেকে বন্দী অবস্থায় দেখা যায়।
ছবির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, ‘ইউএসএস আইও জিমায় নিকোলাস মাদুরো।’
ছবিতে দেখা যায়, এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী এই নেতা ধূসর রঙের একটি ট্র্যাকসুট পরিহিত। তাঁর চোখে কালো রঙের বিশেষ পট্টি (সেন্সর-ডিপ্রাইভেশন গগলস) ও কানে হেডফোন লাগানো। হাতে একটি পানির বোতল ধরা অবস্থায় তাঁকে বেশ বিধ্বস্ত ও ক্লান্ত দেখাচ্ছিল।
ছবি প্রকাশের পর ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেন, মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বহনকারী জাহাজটি বর্তমানে নিউইয়র্কের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্প বলেন,‘হ্যাঁ, তারা এখন ইউএস আইও জিমায় আছে। হেলিকপ্টারে করে অত্যন্ত চমৎকার এক ফ্লাইটের মাধ্যমে তাদের সেখানে নেওয়া হয়েছে।’
এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, মাদুরো ও তাঁর স্ত্রীকে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে সোপর্দ করা হবে। তাঁদের বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ (নার্কো-টেররিজম), কোকেন আমদানি ও অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
পাম বন্ডি বলেন,‘খুব শিগগিরই তাঁরা মার্কিন মাটিতে মার্কিন আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি হবেন।’

