Logo
Logo
×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:০২ এএম

ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় হামলা চালানো এবং দেশটির প্রেসিডেন্টকে আটক করার পর গণমাধ্যমে এসব কথা বলেন ট্রাম্প।

ভেনেজুয়েলার মানুষের জন্য শান্তি চায় যুক্তরাষ্ট্র—এমন মন্তব্য করে ট্রাম্প বলেন, “আমরা ভেনেজুয়েলার জনগণের জন্য স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে চাই।”

তিনি আরও জানান, প্রয়োজনে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় আরও বড় পরিসরে হামলা চালানো হবে। ট্রাম্প বলেন, “আরও হামলার প্রস্তুতি আমাদের রয়েছে।” একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো খুব শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করবে বলেও জানান তিনি।

সফল অভিযান পরিচালনার জন্য মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, “পৃথিবীর কোনো দেশ এমন অভিযান চালাতে পারেনি, গত রাতে যা করেছে মার্কিন বাহিনী।”

এর আগে ট্রাম্প জানান, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও এর নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রীসহ তাকে আটক করা হয়েছে। পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”

টানা কয়েক মাসের হুমকির পর শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এ তথ্য নিশ্চিত করেন একজন মার্কিন কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় রাত ২টা থেকে টানা দেড় ঘণ্টা ধরে কারাকাসের আকাশে ভয়াবহ বিস্ফোরণ, যুদ্ধবিমানের গর্জন ও ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

হামলার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন