ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একের পর এক হামলা, আগুন
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে স্থানীয় সময় শুক্রবার শেষ রাত থেকে বোমারু বিমানের ওড়ার আওয়াজ এবং একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীর প্রধান সামরিক ঘাঁটির কয়েকটি স্থাপনায় আগুন ধরেছে এবং সেসব জায়গা থেকে উঠছে কালো ধোঁয়ার কুন্ডলি।
বিস্ফোরণের অধিকাংশ শব্দ এসেছে কারাকাসের দক্ষিণ দিকে অবস্থিত ভেনেজুয়েলার সেনাবাহিনীর প্রধান ঘাঁটি থেকেই।
আল জাজিরার প্রতিনিধি লুসিয়া নিউমান জানিয়েছেন, ফরচুনার ভেতরে ও আশপাশের এলাকায় গতকাল শেষ রাত এবং আজ ভোরবেলায় সিরিজ বিস্ফোরণ হয়েছে।
এদিকে কারাকাসে বিস্ফোরণ শুরুর পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগণে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু পেন্টাগণের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
অপরদিকে মার্কিন কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন।
ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে প্রত্যাখ্যান ও নিন্দা জানিয়েছে। জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
তিনি এই হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পদ কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে নিন্দা করেছেন।

