পশ্চিম তীরে ইসরায়েলের ১৯টি নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত, তীব্র নিন্দা যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্সসহ ১৪ দেশের
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ১৯টি নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে—এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্সসহ মোট ১৪টি দেশ।
তারা বলছে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং গাজায় যুদ্ধবিরতি ও পুরো অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।
এই দেশগুলো এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। এতে গাজার অস্ত্রবিরতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে। বর্তমানে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, এই সিদ্ধান্ত তার প্রতিবন্ধক হতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, “আমরা যেকোনো ধরনের দখলদারির বিরোধিতা করি এবং বসতি সম্প্রসারণের নীতিরও বিপক্ষে অবস্থান নিই। আমরা ইসরায়েলকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাই।”
তারা জানান, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি তারা অটল এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর ভিত্তি করে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
এই ঘোষণার কিছুক্ষণ আগেই ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেন, এই সিদ্ধান্ত ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনাকে ঠেকাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা ফিলিস্তিনি সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকাচ্ছি। আমাদের পূর্বপুরুষের জমিতে আমরা গড়ে তুলব, নির্মাণ করব এবং বসতি স্থাপন করব।”
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ২০২২ সালের শেষ দিকে সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত নতুন করে ৬৯টি বসতি নির্মাণ অনুমোদন দিয়েছে বর্তমান প্রশাসন।

