আল জাজিরার বিশ্লেষণ
ফরাসি আমলের সীমান্ত-নকশার অস্পষ্টতায় জটিল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত বিরোধ
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে হঠাৎ করে আবারো সহিংসতা শুরু হওয়া এ অঞ্চলের অন্যতম পুরোনো সীমান্ত বিরোধ কতটা স্পর্শকাতর, তা নতুন করে মনে করিয়ে দিল।
মাত্র কয়েক সপ্তাহ আগেই, আসিয়ান সম্মেলনে দুই দেশের নেতারা উপস্থিত আন্তর্জাতিক ও আঞ্চলিক অতিথিদের সামনে এক যুদ্ধবিরতির রূপরেখায় সম্মতি জানিয়েছিলেন। সেটিকে তখন এক ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছিল।
কিন্তু শান্তির সেই প্রতিশ্রুতি বেশিদিন টিকল না। প্রতিনিধিদলগুলো দেশে ফেরার পরপরই, থাইল্যান্ডের বিমান হামলায় কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে দ্রুত লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
আলোচনার টেবিলে যেসব চুক্তি স্বাক্ষর হয়, সেগুলো বাস্তবে মাঠে এসে কতটা টেকে, সেটা এখানেই স্পষ্ট।
সীমান্তের সংঘাত থামাতে যে সমঝোতা হয়েছিল, সেটি অনুসারে উভয় পক্ষকে সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া ও সেনা চলাচল বন্ধ রাখার কথা ছিল। এছাড়া আসিয়ানের পর্যবেক্ষকদের উপস্থিতিতে এই শর্তগুলো পালন করা হবে বলেও বলা হয়েছিল।
তবে বাস্তবতা ভিন্ন। এই চুক্তি ছিল আন্তর্জাতিক চাপ এড়ানোর জন্য একটি রাজনৈতিক ইঙ্গিতমাত্র।
থাইল্যান্ড ও কম্বোডিয়া শুরু থেকেই এই চুক্তির বিভিন্ন ব্যাখ্যা দিয়ে এসেছে—বিশেষ করে সেনা অবস্থান ও টহলের বিষয়গুলোতে।
দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক অবিশ্বাস দীর্ঘদিনের। এমন পরিস্থিতিতে যৌথ পর্যবেক্ষণের মতো উদ্যোগ কাগজে ঠিক থাকলেও বাস্তবে কার্যকর করা প্রায় অসম্ভব।
আর এই পুরো প্রক্রিয়ার ওপর ছায়া ফেলেছে দেশীয় রাজনীতিও। দুই দেশেই সরকার সীমান্ত ইস্যুতে দুর্বলতা দেখালে জাতীয়তাবাদী ক্ষোভ বাড়বে, এই ভয় কাজ করে। ফলে অনেকে আগেভাগেই প্রতিক্রিয়া জানাতে চায়, যাতে রাজনৈতিক বিরূপতা এড়ানো যায়।
দুই দেশের মধ্যে দীর্ঘদিনের এই বিরোধের শিকড় আরও গভীরে। ফরাসি ঔপনিবেশিক আমলে থাইল্যান্ড-কম্বোডিয়ার সীমান্ত যেভাবে নির্ধারণ করা হয়েছিল, তা ছিল অসম্পূর্ণ ও অস্পষ্ট; এতে অনেক জায়গায় সীমারেখা স্পষ্টভাবে টানা হয়নি, ফলে একাধিক এলাকায় মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব ও দাবি-দাওয়ার ভিত্তি তৈরি হয়।
বিশেষ করে ‘প্রে ভিহিয়ার’ মন্দির এলাকা—যেটি নিয়ে ১৯৬২ সালে আন্তর্জাতিক আদালত কম্বোডিয়ার পক্ষে রায় দিলেও—এই ইস্যু বারবার উত্তেজনার কেন্দ্রে এসেছে।
২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সংঘর্ষ, গোলাগুলি, লোকজনের স্থানচ্যুতি ও আইনি টানাপোড়েন এই বিরোধকে আরও গভীর করে তোলে।
বর্তমান পরিস্থিতিও সেই পুরোনো চক্রের পুনরাবৃত্তি। রাজনৈতিক নেতৃত্ব এখন আবার দৃঢ় অবস্থান দেখাতে চায়।
এই সংকটের সমাধানে আসিয়ানের করণীয় স্পষ্ট—দায়িত্বপূর্ণ পর্যবেক্ষণ, বিশ্বাসযোগ্য হস্তক্ষেপ ও দীর্ঘমেয়াদি আলোচনা প্রক্রিয়া চালু করা।
তবে এসব কিছুই ফলপ্রসূ হবে না, যদি দুই দেশের নেতৃত্ব ইতিহাসের মুখোমুখি হতে ও আপসের পথে হাঁটতে প্রস্তুত না থাকে।
সহিংসতা থামানোই কেবল নয়, টেকসই শান্তির জন্য দরকার সেই সাহস—যা বিরোধ মিটিয়ে, সমঝোতার পথ তৈরি করে।
থাইল্যান্ড ও কম্বোডিয়া এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দুই পক্ষ চাইলে সংঘাত নয়, শান্তির দিকেই যাত্রা শুরু করতে পারে। এর সুফল শুধু তাদেরই নয়, পুরো অঞ্চলের জন্য আশাব্যঞ্জক হতে পারে।

