যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণে ২ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৯ জন
মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণে অন্তত দুজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও নয়জন। হামলাকারী এখনো পলাতক।
শনিবার বিকেলে হামলার পর থেকে পুলিশ ক্যাম্পাস ও আশপাশের অভিজাত এলাকায় তল্লাশি চালায়।
প্রভিডেন্স পুলিশের উপপ্রধান টিমোথি ও’হারা জানান, সন্দেহভাজন ব্যক্তি কালো পোশাক পরা এক পুরুষ, যিনি বারুস ও হোলি ভবন থেকে বেরিয়ে যান। এই ভবনেই ইঞ্জিনিয়ারিং ও পদার্থবিজ্ঞান বিভাগ অবস্থিত।
পুলিশ রাতে তার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। কয়েকজন প্রত্যক্ষদর্শীর মতে, সে হয়তো ছদ্মবেশে ছিল—ক্যামোফ্লাজ মাস্ক পরা, বয়স আনুমানিক তিরিশের কোঠায়।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্যাকসন নিশ্চিত করেছেন, নিহত দুজনসহ গুলিবিদ্ধ ১০ জনই শিক্ষার্থী। আরও একজন গুলির স্প্লিন্টারে আঘাত পেয়েছেন।
হামলার পর শুরুতে একজন সন্দেহভাজনের গ্রেপ্তারের খবর এলেও পরে জানানো হয়, তিনি এখনো ধরা পড়েননি।
প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি জানান, পরীক্ষা চলায় ইঞ্জিনিয়ারিং ভবনের দরজা খোলা ছিল। যেকোনো ব্যক্তি প্রবেশ করতে পারত।

