ভেনেজুয়েলার আরও ছয় জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তেল বহনকারী আরও ছয়টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগের দিন তারা দেশটির উপকূল থেকে একটি ট্যাংকার জব্দ করে।
তাছাড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ আত্মীয় এবং কিছু ব্যবসার ওপর।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গতকাল আটক টেল ট্যাংকার সম্পর্কে জানিয়েছেন, ‘স্কিপার’ নামের যে জাহাজটি জব্দ করা হয়েছে, সেটি অবৈধভাবে তেল পরিবহনে জড়িত ছিল। জাহাজটি যুক্তরাষ্ট্রের একটি বন্দরে নিয়ে যাওয়া হবে।
কারাকাস এই ঘটনাকে বলেছে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’।
এই পদক্ষেপ মাদুরোকে চাপে রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় একধরনের নতুন মোড় এনে দিয়েছে।
এর আগে বেশ কয়েকটি অভিযানে তারা এমন কিছু নৌকা ধ্বংস করেছিল যেগুলোকে তারা মাদক বহনের অভিযোগে চিহ্নিত করেছিল। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো ক্যারিবীয় এলাকায় সক্রিয়ভাবে অবস্থান করছে।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ভেনেজুয়েলা মাদক পাচার করছে যুক্তরাষ্ট্রে। আর মাদুরো পাল্টা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র আসলে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ দখল করতে চায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলা কখনও ‘তেলের উপনিবেশ’ হবে না।
ক্যারোলিন লেভিট আরও বলেন, যুক্তরাষ্ট্র শুধু অবৈধ মাদক প্রবাহ বন্ধেই নয়, বরং নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়ন করতেও প্রতিশ্রুতিবদ্ধ।
তবে তিনি আরও কোনো ভেনেজুয়েলান তেলবাহী জাহাজ আটকানোর বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি।

