ভেনেজুয়েলার উপকূলে নিষিদ্ধ তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার উপকূলে একটি নিষিদ্ধ তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার তিনি এ তথ্য জানান। এই পদক্ষেপে তেলের দাম বাড়তে শুরু করে এবং ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়।
ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলার উপকূলে একটি বিশাল ট্যাংকার জব্দ করেছি। এটি সম্ভবত সবচেয়ে বড়, আর অনেক কিছুই ঘটছে।’
তেল কী হবে—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমরাই রেখে দিচ্ছি, বোধহয়।’
এই ঘটনার প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্পষ্ট ডাকাতি’র অভিযোগে অভিযুক্ত করে এবং ঘটনাটিকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে উল্লেখ করে। সরকার জানায়, তারা এই বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে তুলবে।
২০১৯ সাল থেকে ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতায় এটিই প্রথম তেলবাহী জাহাজ জব্দের ঘটনা। ট্রাম্প প্রশাসনের সময় এই প্রথম কোনো ভেনেজুয়েলা-সম্পৃক্ত ট্যাংকার জব্দ করা হলো, যখন যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্স-এ এক পোস্টে জানান, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি ও কোস্ট গার্ড এবং মার্কিন সেনাবাহিনীর সহায়তায় ট্যাংকার জব্দের এই অভিযান চালানো হয়।
একটি ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুটি হেলিকপ্টার জাহাজটির দিকে এগিয়ে যাচ্ছে এবং সেনাবাহিনীর সদস্যরা রশি বেয়ে নিচে নামছেন।
জব্দ হওয়া জাহাজটির নাম বা অবস্থান প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ মেরিটাইম নিরাপত্তা সংস্থা ‘ভ্যাঙ্গার্ড’ জানায়, ‘স্কিপার’ নামে একটি বিশাল ট্যাংকার ভেনেজুয়েলার উপকূলে জব্দ করা হয়েছে। আগে এটি ‘আদিসা’ নামে পরিচিত ছিল এবং ইরানি তেল পরিবহনে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, ডিসেম্বরের ৪ ও ৫ তারিখের মধ্যে স্কিপার জাহাজটি ভেনেজুয়েলার হোসে বন্দর থেকে প্রায় ১৮ লাখ ব্যারেল মেরে হেভি ক্রুড তেল নিয়ে রওনা দেয়। জাহাজটি পানামা-নিবন্ধিত ‘নেপচুন ৬’-এ ২ লাখ ব্যারেল তেল স্থানান্তর করে—এর পরই এটি জব্দ করা হয়।
গায়ানার নৌ কর্তৃপক্ষ জানায়, স্কিপার জাহাজটি গায়ানার পতাকা ব্যবহার করছিল। পিডিভিএসএ-এর তথ্য বলছে, ২০২১ ও ২০২২ সালের মধ্যে এ জাহাজটি এশিয়ায় তেল সরবরাহ করেছে।
জাহাজ জব্দের খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়ায় ৬২.২১ ডলার প্রতি ব্যারেল, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম হয় ৫৮.৪৬ ডলার।
এ বিষয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বুধবার এক মিছিলে ভাষণ দেন, তবে তেল ট্যাংকার জব্দ নিয়ে কোনো মন্তব্য করেননি।
এদিকে, পিডিভিএসএ আরও ন্যাপথা আমদানি করে তেল পাতলা করায় ভেনেজুয়েলা সম্প্রতি দিনে গড়ে ৯ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে, যা বছরের তৃতীয় সর্বোচ্চ।
তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশটি চীনের কাছে তেল বিক্রিতে ব্যাপক ছাড় দিতে বাধ্য হচ্ছে। বিশ্লেষক ররি জনস্টন বলেন, ‘এই ট্যাংকার জব্দ করা একটি বড় ঘটনা, তবে তাৎক্ষণিকভাবে সরবরাহের বড় পরিবর্তন ঘটাবে না।’
চেভরন (পিডিভিএসএ-র সঙ্গে যৌথভাবে কাজ করে) জানায়, তাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং কোনো ব্যাঘাত ঘটেনি। নভেম্বর মাসে তারা যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার তেল রপ্তানি বাড়িয়ে ১.৫ লাখ ব্যারেলে উন্নীত করেছে।
মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এই সামরিক তৎপরতার মাধ্যমে তাকে উৎখাত করে ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নিতে চায়।
সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ২০টির বেশি মাদকবাহী সন্দেহভাজন নৌযানে হামলা চালিয়েছে, যাতে ৮০ জনের বেশি নিহত হয়েছে। অনেক ক্ষেত্রে প্রমাণ ছাড়াই হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এইসব অভিযানে সন্দেহভাজন নৌযানগুলোতে দ্বিতীয় দফা হামলা চালিয়ে বেঁচে থাকা ব্যক্তিদেরও হত্যা করা হয়—এমন খবর জনমনে উদ্বেগ বাড়িয়েছে।
রয়টার্স/ইপসসের এক জরিপ বলছে, মার্কিন নাগরিকদের বড় একটি অংশ এই ধরনের সামরিক অভিযানকে সমর্থন করে না, এমনকি ট্রাম্পের নিজের দল রিপাবলিকানদের মধ্যেও অনেকে এর বিরোধিতা করছেন।
এক কৌশলপত্রে ট্রাম্প জানান, তার পররাষ্ট্রনীতি এখন পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা-কেন্দ্রিক।

