Logo
Logo
×

আন্তর্জাতিক

পুতিন বললেন, ‘ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত’, শান্তি আলোচনায় অগ্রগতি নেই

Icon

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম

পুতিন বললেন, ‘ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত’, শান্তি আলোচনায় অগ্রগতি নেই

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি—এমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন জ্যেষ্ঠ সহকারী। এই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা আগেই পুতিন বলেছিলেন, ইউরোপ যুদ্ধ শুরু করলে রাশিয়া ‘তৎক্ষণাৎ’ প্রস্তুত।

ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ রুশ গণমাধ্যমকে জানান, ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে পাঁচ ঘণ্টার বৈঠকের পরও ইউক্রেন সংকট নিয়ে কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। তার ভাষায়, ‘আমরা সমস্যার সমাধানের কাছাকাছিও যাইনি, আবার দূরেও যাইনি। এখনো অনেক কাজ বাকি।’

উশাকভ বৈঠকটিকে ‘গঠনমূলক, তথ্যবহুল ও উপকারী’ বললেও জানান, মূল কিছু বিষয়ে এখনো মতৈক্য হয়নি—বিশেষ করে, ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তির শর্তসাপেক্ষে কে কোন ভূখণ্ডের নিয়ন্ত্রণে থাকবে, তা নিয়ে।

‘আমরা আমেরিকার নির্দিষ্ট প্রস্তাব নিয়ে আলোচনা করিনি। বরং তারা যে কাগজপত্র দিয়েছে, তার মূল ভাবনার ওপর আলোচনা হয়েছে,’ বলেন উশাকভ। তিনি জানান, কিছু বিষয়ে তারা একমত, আবার কিছু প্রস্তাব নিয়ে রাশিয়ার নেতিবাচক মনোভাব স্পষ্ট করে জানানো হয়েছে।

আলোচনার সব দিক প্রকাশ করা হবে না বলেও জানান উশাকভ। তিনি আরও বলেন, ট্রাম্প ও পুতিনের মধ্যে নতুন কোনো শীর্ষ বৈঠক সামনে আসছে না।

ট্রাম্প প্রশাসন মনে করেছিল, এই বৈঠক হয়তো ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের অবসানের একটা রূপরেখা তৈরি করতে পারে। কিন্তু আলোচনার ফলাফল হতাশাজনক।

উইটকফ ও কুশনার ক্রেমলিনে পৌঁছানোর ঠিক আগেই পুতিন অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো শান্তির পথে বাধা দিচ্ছে। তার ভাষায়, ‘ইউরোপীয় দাবিগুলো রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়।’

পুতিন বলেন, ‘রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ চায় না। তবে ইউরোপ শুরু করলে, আমরা প্রস্তুত।’ তিনি স্পষ্ট করে বলেননি, ঠিক কোন ইউরোপীয় দাবিগুলো মেনে নেওয়া যায় না। শুধু বলেছেন, তারা যুদ্ধের পক্ষেই।

এ বছর এটি ছিল উইটকফের ষষ্ঠ মস্কো সফর। তিনি একটি সংশোধিত মার্কিন শান্তি প্রস্তাব নিয়ে এসেছেন, যা রুশ এক সিনিয়র কর্মকর্তার পরামর্শে রচিত এবং ইউক্রেনের জন্য কিছুটা গ্রহণযোগ্য করে তোলা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি মার্কিন প্রতিনিধিদলের বৈঠকের ফলাফলের অপেক্ষায় আছেন। তিনি বলেন, ‘সবকিছু নির্ভর করছে আজকের আলোচনার ওপর।’

জেলেনস্কির আশা, বৈঠকের পর ইউরোপে উইটকফ ও কুশনারের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে।

ক্রেমলিন থেকে একটি সংক্ষিপ্ত ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়, যেখানে দেখা যায়, দুই পক্ষ একটি সাদা ওভাল টেবিলের দুই পাশে বসে আছেন। পুতিনের পাশে ছিলেন উপদেষ্টা কিরিল দিমিত্রিয়েভ ও ইউরি উশাকভ। পুতিন তাদের মস্কো ঘুরে দেখার অভিজ্ঞতা জানতে চান। উইটকফ বলেন, শহরটি ‘দারুণ’। এরপর ভিডিও কেটে যায়।

এই দুই ট্রাম্প-ঘনিষ্ঠ ব্যক্তি এর আগে ফ্লোরিডায় ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন ২৮ দফার প্রাথমিক শান্তি প্রস্তাব সংশোধনের বিষয়ে, যা মূলত মস্কোর পক্ষে ছিল।

জেলেনস্কি প্যারিসে বলেন, নতুন প্রস্তাব ‘আগের চেয়ে ভালো’, তবে এখনো অনেক কিছু বাকি। তিনি প্রস্তাবের কয়েকটি অংশ নিয়ে আপত্তি জানান—বিশেষ করে, পূর্ব ইউক্রেনের কিছু এলাকা ছেড়ে দেওয়া, সেনাবাহিনীর আকারে কাটছাঁট, আর ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে।

অন্যদিকে পুতিন জানিয়েছেন, একমাত্র আগের মার্কিন প্রস্তাবই ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হতে পারে—যদিও সেটিরও বড় সংশোধন দরকার।

সূত্র: দ্য গার্ডিয়ান

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন