Logo
Logo
×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা, ট্রাম্পকে কড়া জবাব দিল কারাকাস

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম

ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা, ট্রাম্পকে কড়া জবাব দিল কারাকাস

শনিবার মারাকাইয়ের লিবারতাদোর বিমানঘাঁটিতে শিল্প উড্ডয়ন প্রদর্শনীতে অংশ নিতে স্কাইডাইভাররা প্রস্তুতি নিচ্ছেন। ছবি: ক্রিস্টিয়ান হার্নান্দেজ/এপি

যুক্তরাষ্ট্র সরকারের বাড়তে থাকা চাপ এবং ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কঠোর মন্তব্যের জবাবে ভেনেজুয়েলা সরকার কড়া ও প্রতিরোধমূলক অবস্থান নিয়েছে। 

শনিবার ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার আকাশসীমা এবং তার আশপাশের আকাশ পুরোপুরি বন্ধ থাকবে—এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা সরকার একে ‘ঔপনিবেশিক হুমকি’ আখ্যা দিয়েছে।

ভেনেজুয়েলা সরকার বলেছে, এই মন্তব্য তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ এবং এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। 

তারা জোর দিয়ে জানায়, ভেনেজুয়েলার আকাশসীমার প্রতি সম্মান দেখাতে হবে এবং বাইরের কোনো দেশের হুকুম বা হুমকি তারা মেনে নেবে না।

শনিবার ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লেখেন, ‘সব এয়ারলাইন্স, পাইলট, মাদক চোরাচালানকারী এবং মানব পাচারকারীদের বলছি, ভেনেজুয়েলার ওপর ও আশপাশের আকাশ পুরোপুরি বন্ধ হিসেবে বিবেচনা করুন।’

এই ঘোষণার পরপরই ভেনেজুয়েলা সরকার জানায়, যুক্তরাষ্ট্র থেকে আসা সব অভিবাসন প্রত্যাবাসন ফ্লাইট একতরফাভাবে স্থগিত করা হয়েছে। এই ফ্লাইটগুলো নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার বিরোধ রয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত কয়েক মাস ধরেই ক্যারিবিয়ান সাগরে মাদকবাহী নৌকা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের অভিযানের পাশাপাশি ওই অঞ্চলে সামরিক শক্তি বাড়ানো হচ্ছে। ট্রাম্প ভেনেজুয়েলায় গোপন গোয়েন্দা সংস্থা সিআইএ-র কার্যক্রমের অনুমতিও দিয়েছেন।

সপ্তাহের শুরুতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের বলেন, সন্দেহভাজন ভেনেজুয়েলান মাদক চোরাচালানকারীদের থামাতে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই স্থল অভিযানে যাবে।

এর আগেই যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বড় বড় এয়ারলাইন্সগুলোকে সতর্ক করে বলেছে, ভেনেজুয়েলায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সামরিক তৎপরতা বেড়ে যাওয়ায় আকাশপথ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এই সতর্কতার পর ভেনেজুয়েলা ছয়টি আন্তর্জাতিক এয়ারলাইন্সের কার্যক্রমের অনুমতি বাতিল করে দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক চোরাচালানে জড়িত বলে অভিযুক্ত করেছেন, যদিও মাদুরো সে অভিযোগ অস্বীকার করেছেন।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো বলেন, ট্রাম্প তাকে ক্ষমতা থেকে সরাতে চান এবং দেশটির জনগণ ও সেনাবাহিনী তা প্রতিরোধ করবে।

গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে অন্তত ২১টি অভিযানে ৮৩ জন নিহত হয়েছে—যারা সবাই সন্দেহভাজন মাদক পাচারকারী বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: দ্য গার্ডিয়ান

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন