কৃষ্ণসাগরে রুশ তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
ছবি: সংগৃহীত
কৃষ্ণসাগরে দুটি রুশ তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই ট্যাংকারগুলো মস্কোর কথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহরের অংশ ছিল। এই ড্রোন হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আজ রবিবার (৩০ নভেম্বর) ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রির এই কথিত ‘শ্যাডো ফ্লিটের’ ব্যবহার করছে মস্কো। সাধারণত, এই বহরের জাহাজগুলোর নিবন্ধন বা অন্যান্য আইনি নথিপত্রে অস্পষ্টতার কারণে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া জটিল হয়ে পড়ে।
বিবিসির যাচাই করা ফুটেজে দেখা যায়, ইউক্রেনের জলজ ড্রোনগুলো ঢেউ ভেঙে জাহাজগুলোর দিকে ছুটে যাচ্ছে। ট্যাংকারে হামলা চালালে বিস্ফোরণের আগুনের গোলায় রূপ নিয়ে কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়।
হামলার শিকার ট্যাঙ্কারগুলোর নাম কাইরস এবং ভিরাট বলে জানিয়েছে তুরস্ক। দুটি জাহাজই গাম্বিয়ায় নিবন্ধিত। লন্ডন স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, দু’টিই নিষেধাজ্ঞার আওতাধীন জাহাজের তালিকায় রয়েছে।
যুদ্ধে রাশিয়ার অর্থায়ন সক্ষমতা ক্ষতিগ্রস্ত করতে তাদের জ্বালানি বাণিজ্যে বিভিন্নরকম বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কিয়েভ ও তার মিত্ররা। সর্বশেষ হামলা সেই প্রচেষ্টার নতুন মাত্রা বলেই ধারণা করা হচ্ছে।

