Logo
Logo
×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় টানা বৃষ্টি, ভূমিধস, নিহত অন্তত ৪০

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৩৪ এএম

শ্রীলঙ্কায় টানা বৃষ্টি, ভূমিধস, নিহত অন্তত ৪০

শ্রীলঙ্কায় টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৪০ জন মারা গেছে এবং অন্তত ২১ জন নিখোঁজ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি দেশটির সবচেয়ে ভয়াবহ আবহাওয়া-জনিত দুর্যোগগুলোর একটি। খবর বিবিসির।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চল বাদুল্লায় এক রাতে ভূমিধসে বাড়িঘরের ওপর মাটি ধসে পড়লে ২১ জন নিহত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে উঁচু এলাকা থেকে নেমে আসা পানি শহরের মধ্যে দিয়ে প্রবল বেগে বয়ে বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

শুক্রবার আরও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করছে দেশটি, কারণ ‘ডিটওয়া’ নামের একটি ঘূর্ণিঝড় পূর্ব উপকূল বরাবর এগিয়ে আসছে।

প্রথমে এটি একটি গভীর নিম্নচাপ হিসেবে শুরু হলেও পরে তা ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ঘূর্ণিঝড়টি ভারতের উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীলঙ্কার নদীগুলোর পানি বাড়ছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, নিচু এলাকায় বসবাসকারীদের উঁচু স্থানে সরে যেতে বলা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেলানি নদী উপত্যকার নিচু এলাকাগুলোয় বিপদসংকেত (লাল সতর্কতা) জারি করেছে সেচ বিভাগ। এতে রাজধানী কলম্বোও ঝুঁকির মধ্যে রয়েছে।

শুক্রবার দেশটির মধ্য ও উত্তরাঞ্চলের কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর।

বিভিন্ন প্রদেশের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রাখা হয়েছে। কিছু এলাকায় ট্রেন চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটেছে।

এই দুর্যোগের কারণে এ-লেভেল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শ্রীলঙ্কা বর্তমানে বর্ষা মৌসুম পার করছে, তবে এমন ভয়াবহ দুর্যোগ সাধারণত দেখা যায় না।

চলতি শতাব্দীতে দেশটিতে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল ২০০৩ সালের জুন মাসে, যখন ২৫৪ জন নিহত হন এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন