Logo
Logo
×

আন্তর্জাতিক

হংকংয়ে আগুনে পুড়ছে অসংখ্য ফ্ল্যাট, নিহত অন্তত ৫৫, নিখোঁজ শতাধিক

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:৫১ পিএম

হংকংয়ে আগুনে পুড়ছে অসংখ্য ফ্ল্যাট, নিহত অন্তত ৫৫, নিখোঁজ শতাধিক

হংকংয়ের ওয়াং ফুক আবাসিক প্রকল্পে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ২৭৯ জন। বুধবার দুপুরে আগুন লাগার পর একটানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে আগুন জ্বলছে।

আটটি ভবনের এই আবাসিক কমপ্লেক্সে বসবাস করেন প্রায় ৪,৬০০ মানুষ। আগুন ছড়িয়ে পড়ার পর অনেকেই বের হয়ে আসতে পারেননি। এখনো অনেক বাসিন্দা ভবনের ভেতরেই আটকা পড়ে আছেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

এরই মধ্যে ভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নির্মাণ প্রতিষ্ঠানের তিনজন—দুই পরিচালক ও একজন প্রকৌশল পরামর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অবহেলায় মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। ভবনগুলোর কিছু অংশে যেসব প্লাস্টিক ও ফোম ব্যবহার করা হয়েছিল, তা দাহ্য এবং নিরাপত্তা মানে উত্তীর্ণ নয় বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

মানুষের প্রাণের পাশাপাশি বিপদে পড়েছে অসহায় প্রাণীরাও। কয়েকটি প্রাণীকল্যাণ সংস্থা এবং স্বেচ্ছাসেবীরা পোষা প্রাণীদের উদ্ধারে এগিয়ে এসেছে। এখন পর্যন্ত ১০টি বিড়াল, ৭টি কুকুর এবং কিছু কচ্ছপ উদ্ধার করা সম্ভব হয়েছে।

চীনের রেড ক্রস এবং বেশ কয়েকটি বড় বেসরকারি প্রতিষ্ঠান দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে। দেওয়া হয়েছে নগদ অর্থ, ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম।

ওয়াং ফুকের এই অগ্নিকাণ্ড অনেকের মনে করিয়ে দিয়েছে লন্ডনের গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডিকে, যেখানে ২০১৭ সালে আগুনে ৭২ জন মারা গিয়েছিলেন।

এই ঘটনার পর এক বাসিন্দা বলেন, ‘আমাদের আর কিছুই করার নেই, শুধু বাস্তবতাকে মেনে নিতে হবে।’

এখন পর্যন্ত বহু পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। কেউ কেউ ছবি হাতে ভাঙা কণ্ঠে প্রিয়জনদের খোঁজ করছেন।

সূত্র: রয়টার্স

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন