ইমরান খান সুস্থ আছেন, কোথাও সরানো হয়নি: কারা কর্তৃপক্ষ
ইমরান খান। ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারেই আছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ।
বুধবার (২৬ নভেম্বর) গুজব ছড়ায় ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে গোপনে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির এক খবরে বলা হয়, ইমরান খানের মৃত্যুর গুজব ও অন্যত্র সরানোর ব্যাপারে এক বিবৃতিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ বলেছে, আদিয়ালা থেকে তাকে অন্যত্র সরানোর খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে।
২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন মামলা দেওয়া হয়। এছাড়া সেনাবাহিনীর সদরদপ্তরে হামলা, রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।
অনেক নাটকীয়তার মধ্যে ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। একবার ছাড়া পেলেও পরবর্তীতে আবার গ্রেপ্তার করা হয়। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে তিনি জেলেই আছেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি (খাজা আসিফ) কারাগারে যে সুবিধা পেতেন ইমরান খান এর চেয়েও বেশি পাচ্ছেন বলেও দাবি তার।
খাজা আসিফ বলেন, তার জন্য যে খাবার আসে সেটির মেন্যু দেখুন। এগুলো পাঁচ তারকা হোটেলেও নেই। কারাগারে তার কাছে টেলিভিশনও আছে। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো চ্যানেল দেখতে পারেন। তার সঙ্গে ব্যায়ামের যন্ত্রাংশও আছে। সাবেক প্রধানমন্ত্রীর জন্য ডাবল বেডের ব্যবস্থাও করা হয়েছে।
খাজা আসিফ বলেন, আমরা ঠান্ডা মেঝেতে ঘুমাতাম, জেলের খাবার খেতাম, আর জানুয়ারির শীতে আমাদেরকে মাত্র দুটি কম্বল দেওয়া হয়েছিল। গরম পানিও ছিল না।
এসময় তিনি অতীতের কথা টেনে জানান, তৎকালীন সুপারিনটেনডেন্ট আসাদ ওয়ারাইচ ব্যক্তিগতভাবে তার সেল থেকে গিজার খুলে নেওয়ার ব্যবস্থা করেছিলেন।
খাজা আসিফ বলেন, আল্লাহকে ভয় করুন, সময় কারও হাতে নয়।

