Logo
Logo
×

আন্তর্জাতিক

দশ হাজার বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, ইথিওপিয়া থেকে ছাই এসেছে ভারত পর্যন্ত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম

দশ হাজার বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, ইথিওপিয়া থেকে ছাই এসেছে ভারত পর্যন্ত

১০ হাজার বছরের মধ্যে এই প্রথমবারের মতো ইথিওপিয়ার একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা গেল।

দেশটির উত্তর-পূর্ব আফার অঞ্চলে অবস্থিত বহু বছর ধরে নিস্ক্রিয় ‘হায়লি গুব্বি’ আগ্নেয়গিরি রোববার হঠাৎ জেগে ওঠে। এতে ঘন ধোঁয়া ও ছাই আকাশে ছড়িয়ে পড়ে এবং আশপাশের গ্রামগুলো ধূলায় ঢাকা পড়ে যায়।

স্থানীয় প্রশাসক মোহাম্মদ সাঈদ জানিয়েছেন, প্রাণহানির কোনো খবর পাওয়া না গেলেও, ছাইয়ে ঢেকে যাওয়া চারণভূমি পশুপালকদের জন্য বড় সংকট তৈরি করেছে।

আহমেদ আবদেলা নামে একজন বাসিন্দা জানান, বিস্ফোরণের মুহূর্তটি যেন ‘একটি বোমা হঠাৎ বিস্ফোরিত হয়ে ধোঁয়া ও ছাই ছুড়ে দিল’ — এমন ভয়ংকর অনুভূতি হয়েছিল।

এই অগ্ন্যুৎপাত এতটাই শক্তিশালী ছিল যে, সেটি উপগ্রহ থেকেও দেখা গেছে। নাসার উপগ্রহচিত্রে দেখা যায়, ধোঁয়ার স্তম্ভ আকাশে উঠে লাল সাগর পেরিয়ে ছড়িয়ে পড়েছে।

ফ্রান্সের তুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার জানিয়েছে, আগ্নেয়গিরির ছাই ইয়েমেন, ওমান, পাকিস্তান এবং ভারতের আকাশে পৌঁছেছে।

সোমবার রাতের দিকে ছাই পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করলে, দেশটির আবহাওয়া বিভাগ সতর্কতা জারি করে।

ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’ জানায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পরে নির্দিষ্ট কিছু অঞ্চল দিয়ে যাওয়া বিমানগুলোর যান্ত্রিক পরীক্ষা করার জন্য তারা বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে।

যদিও দিল্লির ওপর প্রভাব পড়বে না বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। কারণ, ছাই উচ্চতায় ভেসে রয়েছে এবং পূর্ব দিকে দ্রুত সরে যাচ্ছে।

রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত হায়লি গুব্বি আগ্নেয়গিরিটি ‘এরতা আলে রেঞ্জ’ নামের একটি আগ্নেয়গিরি শৃঙ্খলের অংশ। এটি প্রায় ৫০০ মিটার উঁচু এবং এমন একটি এলাকায় অবস্থিত, যেখানে দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে — ফলে এলাকাটি ভূমিকম্প ও আগ্নেয়গিরি কার্যকলাপের জন্য পরিচিত।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন