জাপানে আগুনে পুড়ল ১৭০ বাড়ি, নিখোঁজ ১ জন
জাপানের দক্ষিণ উপকূলের একটি শহরে ভয়াবহ আগুনে ১৭০টিরও বেশি ভবন পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ে রাতভর জ্বলতে থাকে এবং এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দেশটির জাতীয় দমকল সংস্থা।
ওই শহরের সাগানোসেকি নামের এলাকায় আগুন লাগার পর প্রায় ১৭৫ জন বাসিন্দা নিরাপদে আশ্রয়কেন্দ্রে চলে যান। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
সংস্থাটি আরও জানিয়েছে, একজন ব্যক্তি এখনো নিখোঁজ। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো আকাশ থেকে ধারণ করা যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যায়—বাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী ভেসে বেড়াচ্ছে। পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা ছোট্ট এই শহরটি একটি বিখ্যাত মাছ ধরার বন্দরের পাশেই অবস্থিত। এই বন্দর ‘সেকি’ ব্র্যান্ড ম্যাকেরেল মাছের জন্য সুপরিচিত।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগুন পাশের বনাঞ্চলেও ছড়িয়ে পড়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ‘এক্স’ (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় জানান, প্রাদেশিক গভর্নরের অনুরোধে সামরিক বাহিনীর একটি দমকল হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে।

