মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় চলা সরকারি অচলাবস্থা শেষ হলো বুধবার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিল স্বাক্ষর করার পর।
এই বিলের মাধ্যমে আবারও শুরু হলো খাদ্য সহায়তা কর্মসূচি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া এবং বন্ধ হয়ে যাওয়া বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সচল করার কাজ।
প্রতিনিধি পরিষদে ২২২-২০৯ ভোটে বিলটি পাস হয়। ট্রাম্পের সমর্থন থাকায় রিপাবলিকানদের একত্র রাখা সম্ভব হয়। যদিও ডেমোক্রেটরা এতে বিরোধিতা করে, কারণ তারা স্বাস্থ্য বীমা সহায়তা বাড়ানোর চুক্তি আদায় করতে পারেনি।
এই বিল স্বাক্ষরের ফলে বৃহস্পতিবার থেকেই প্রায় চার সপ্তাহ ধরে কর্মবিরতিতে থাকা সরকারি কর্মীরা কাজে ফিরতে পারবেন। তবে পুরোপুরি সব সেবা কবে থেকে চালু হবে, তা এখনো পরিষ্কার নয়।
বিল স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন, ‘এভাবে একটি দেশের পরিচালনা চলতে পারে না। আমরা এমনটা আর কখনো হতে দিতে পারি না।’
এই চুক্তি সরকারি ব্যয় ৩০ জানুয়ারি পর্যন্ত চালিয়ে নিতে সাহায্য করবে, যদিও এতে যুক্তরাষ্ট্রের ঋণ আরও বাড়বে বলে আশঙ্কা রয়েছে।
কিছু রিপাবলিকান প্রতিনিধি হতাশা প্রকাশ করেছেন। প্রতিনিধি ডেভিড শোইকার্ট বলেন, ‘৪০ দিন পার করে এলাম, কিন্তু বুঝতে পারলাম না এই নাটকের কাহিনি কী ছিল।’
অচলাবস্থার অবসান হলেও এতে যে ক্ষতি হয়েছে, তা পুরোপুরি পূরণ করা যাবে কিনা, তা নিশ্চিত নয়।
বিমান চলাচল, খাদ্য সহায়তা এবং অর্থনৈতিক তথ্যপ্রবাহ এখন ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
কিন্তু কিছু তথ্য হয়তো আর ফিরেই আসবে না। হোয়াইট হাউস জানিয়েছে, অক্টোবর মাসের কর্মসংস্থান ও মূল্যস্ফীতির পরিসংখ্যান আর প্রকাশ করা নাও হতে পারে।

