দিল্লির লাল কেল্লার মেট্রোস্টেশনের কাছে বিস্ফোরণে নিহত ৮
ভারতের রাজধানী নয়াদিল্লির লাল কেল্লার মেট্রোস্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত আট ব্যক্তি নিহত ও অনেকে আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনার পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় একাধিক গাড়িতে আগুন লেগে যায় এবং জানালার কাচ ভেঙে পড়ে।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে সাতটি অগ্নিনির্বাপণ গাড়ি পাঠানো হয়েছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে।
দিল্লি ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিস্ফোরণটি লাল কেল্লা মেট্রোস্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে হয়েছে। বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক। অনেকে আহত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রাথমিকভাবে বিস্ফোরণের ধরন বা উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
এই ঘটনার পর দিল্লি, মুম্বাই, জয়পুর, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রায় দুই ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এলাকা ঘিরে ফেলা হয়েছে। ফরেনসিক ও বোমা নিষ্ক্রিয়করণ দল আলামত সংগ্রহ করছে।

