Logo
Logo
×

আন্তর্জাতিক

ডেকান ক্রনিকল প্রতিবেদন

বাংলাদেশ সীমান্ত ঘিরে পশ্চিমবঙ্গে নতুন সেনাঘাঁটি, আসামে সামরিক স্টেশন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

বাংলাদেশ সীমান্ত ঘিরে পশ্চিমবঙ্গে নতুন সেনাঘাঁটি, আসামে সামরিক স্টেশন

 বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার দিকে নজর রেখে, ভারতের সেনাবাহিনী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সেনাঘাঁটি চালু করেছে, অতি স্বল্প সময়ে। পাশাপাশি, বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে আসামের ধুবড়িতে একটি নতুন সামরিক স্টেশনও গড়ে তোলা হচ্ছে।

গত বৃহস্পতিবার, ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় এই নতুন ঘাঁটি পরিদর্শনে যান। চোপড়া ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছেই অবস্থিত।

পূর্বাঞ্চলীয় কমান্ড এক্সে (সাবেক টুইটার) লিখেছে, ‘লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি চোপড়ার প্রতিরক্ষা ঘাঁটিতে মোতায়েন ব্রহ্মাস্ত্র কোরের সেনাদের সঙ্গে দেখা করেন। তিনি তাদের অটুট উদ্দীপনা, পেশাদারিত্ব এবং স্বল্প সময়ে ঘাঁটি স্থাপন ও কার্যকর করার জন্য প্রশংসা জানান। একইসঙ্গে, নিরাপত্তা পরিস্থিতির মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।’

তিনি চোপড়া আসনের বিধায়ক হামিদুল রহমান এবং অন্যান্য বেসামরিক কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে সেনা-বেসামরিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন, যা এই অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নে সহায়ক বলে মন্তব্য করেন।

এরপর লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আসামের সীমান্তবর্তী অঞ্চলে ‘৪ গজরাজ কোর’-এর ঘাঁটি পরিদর্শন করেন এবং ধুবড়ির বামুনিগাঁও এলাকায় ‘লাচিত বরফুকন সামরিক স্টেশন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এই সামরিক স্টেশনটির নামকরণ করা হয়েছে আসামের কিংবদন্তি অহোম সেনাপতি লাচিত বরফুকনের নামে, যার নেতৃত্ব, সাহস ও প্রতিরোধের ঐতিহ্যকে শ্রদ্ধা জানিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, ‘এই সামরিক স্টেশন স্থাপন ভারতের সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা ও অবকাঠামোকে আরও শক্তিশালী করার পথে একটি বড় পদক্ষেপ।’

এই সফরে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্ত এলাকায় সেনাদের প্রস্তুতি, অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান অবকাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন