Logo
Logo
×

আন্তর্জাতিক

মামদানি বললেন, ‘ভবিষ্যৎ এখন আমাদের হাতে’ — কুয়োমোকে জানালেন ব্যক্তিজীবনের জন্য শুভকামনা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৯ এএম

মামদানি বললেন, ‘ভবিষ্যৎ এখন আমাদের হাতে’ — কুয়োমোকে জানালেন ব্যক্তিজীবনের জন্য শুভকামনা

নিউইয়র্ক সিটিতে ইতিহাস গড়লেন জোহরান মামদানি। মেয়র নির্বাচনে বিজয়ের পর তিনি বললেন, ‘ভবিষ্যৎ এখন আমাদের হাতে।’

তিনি বলেন, ‘যতদূর মনে পড়ে, নিউইয়র্কের পরিশ্রমী মানুষকে ধনী ও প্রভাবশালী শ্রেণি সবসময় বলেছে, ক্ষমতা তাদের হাতে নয়। যারা গুদামে বাক্স তোলে, সাইকেলে খাবার পৌঁছে দেয়, যারা রান্নাঘরে আগুনে পুড়ে কাজ করে—তাদের হাতে ক্ষমতা থাকার কথা কেউ ভাবেনি। কিন্তু গত এক বছরে তোমরা সাহস করেছ বড় কিছু চাইতে। আর আজ, সব বাধা পেরিয়ে, আমরা সেটা অর্জন করেছি।’

এই বক্তৃতায় মামদানি তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়োমোকে শুভকামনা জানান। বলেন, ‘আমরা এক রাজনৈতিক বংশের পতন ঘটিয়েছি। কুয়োমোর ব্যক্তিজীবনের জন্য আমি শুভকামনা জানাই। কিন্তু আজ রাতই হোক শেষবার, যখন আমি তার নাম উচ্চারণ করলাম—এখন আমাদের নতুন পৃষ্ঠা শুরু করার সময়।’

বিজয়ের পর মামদানি নিউইয়র্কের বৈচিত্র্য ও মানবিকতাকে স্বাগত জানানো শহর গড়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘যে-ই হও তুমি—অভিবাসী, কৃষ্ণাঙ্গ নারী, একলা মা, কিংবা এমন কেউ যার পিঠ দেয়ালে ঠেকে গেছে—তোমার সংগ্রামও আমাদের সংগ্রাম। আমরা এমন এক সিটি হল গড়ব, যেখানে ইহুদি সম্প্রদায়ের মানুষ নিশ্চিন্তে দাঁড়াতে পারবে, আর এক মিলিয়নের বেশি মুসলমান জানবে—তারা শুধু এই শহরের নয়, এই শহরের ক্ষমতারও অংশ।’

তার প্রতিশ্রুতি স্পষ্ট—‘নিউইয়র্ক আর এমন শহর হবে না, যেখানে ইসলামবিদ্বেষ ছড়িয়ে কেউ নির্বাচনে জয় পায়।’

ব্রুকলিনে সমর্থকদের সামনে মামদানি বলেন, ‘আজ থেকে শুরু হলো এক নতুন যুগ। হয়তো দেরি হয়েছে, কিন্তু অবশেষে সেই দিন এসেছে।’

তিনি জানান, এখন সময় ‘সাহসী ভাবনা ও কাজের’, অজুহাতের নয়। মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে ভাড়া স্থগিত রাখা, দ্রুত ও বিনামূল্যে বাসসেবা, আর সবার জন্য শিশুর যত্নসুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

মামদানি বলেন, ‘আমরা জিতেছি কারণ নিউইয়র্কের মানুষ বিশ্বাস করতে পেরেছে যে অসম্ভবও সম্ভব হতে পারে। আমরা জিতেছি কারণ আর রাজনীতি আমাদের ওপর চাপিয়ে দেওয়া কিছু নয়—এটা এখন আমরা নিজেরাই তৈরি করছি।’

তিনি আরও বলেন, ‘যারা এত কিছু ত্যাগ করেছে, তাদের কারণেই আমরা আজ পুনর্জন্ম নেওয়া এক শহরের বাতাসে নিঃশ্বাস নিচ্ছি।’

নির্বাচনী প্রচারে ১ লক্ষাধিক স্বেচ্ছাসেবীকে ধন্যবাদ জানিয়ে মামদানি বলেন, ‘তোমরা সেই নৈরাশ্য ভেঙে দিয়েছ, যা রাজনীতিকে গ্রাস করেছিল।’

শেষে তিনি বলেন, ‘আমরা এমন এক শহর গড়ব, যেখানে সবাই জানবে—ক্ষমতা কজনের নয়, সবার হাতে।’

সূত্র: দ্য গার্ডিয়ান

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন