Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্প-শি বৈঠক: দ্বিপক্ষীয় বাণিজ্য ও দুর্বল সম্পর্ক মেরামতের সংকেত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:৩১ এএম

ট্রাম্প-শি বৈঠক: দ্বিপক্ষীয় বাণিজ্য ও দুর্বল সম্পর্ক মেরামতের সংকেত

দক্ষিণ কোরিয়ার বুসানে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট স্থায়ী এই আলোচনায় বাণিজ্য ও কৌশলগত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছানোর ইঙ্গিত পাওয়া গেছে।

বৈঠক শেষে ট্রাম্প বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আমি মনে করি, এটা একটি দারুণ সফল বৈঠক হয়েছে।’

বিশেষ করে চীন থেকে ‘রেয়ার আর্থ’ খনিজ রপ্তানি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটেছে বলে জানান তিনি। এই খাতে আর কোনো বাধা থাকবে না বলেও উল্লেখ করেন ট্রাম্প।

তিনি জানান, দুই দেশের মধ্যে এক বছরের জন্য একটি চুক্তি হয়েছে, যা ভবিষ্যতে নবায়নযোগ্য। এর ফলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর শুল্কহার ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করবে।

এই চুক্তির অংশ হিসেবে চীন আবারও মার্কিন সয়াবিন কেনা শুরু করবে। একইসঙ্গে, ফেন্টানিলের অবৈধ বাণিজ্য ঠেকাতে জোরালো পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন।

তবে আলোচনায় ‘তাইওয়ান’ প্রসঙ্গটি এড়িয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, ট্রেজারি সচিব স্কট বেসেন্ট ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসসহ একাধিক শীর্ষ কর্মকর্তা।

চীনের পক্ষ থেকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, উপ-প্রধানমন্ত্রী হে লিফেং এবং বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনটাও।

বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পরই চীনা পুঁজিবাজারে উল্লম্ফন দেখা যায়। সাংহাই সূচক দশ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যা বৈঠক থেকে ইতিবাচক ফলাফলের প্রত্যাশার ইঙ্গিত দেয়।

বৈঠক শেষে ট্রাম্প বলেন, ‘আমি এপ্রিল মাসে চীন সফরে যাব, এরপর শি জিনপিং আমাদের দেশে আসবেন—হয়তো ফ্লোরিডা বা ওয়াশিংটনে।’

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠকে ট্রাম্প আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি ‘দীর্ঘমেয়াদি, ইতিবাচক সম্পর্ক’ গড়ে উঠবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন