Logo
Logo
×

আন্তর্জাতিক

জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মেলিসা’ এবার কিউবার দিকে ধেয়ে যাচ্ছে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:২৮ এএম

জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মেলিসা’ এবার কিউবার দিকে ধেয়ে যাচ্ছে

ঘূর্ণিঝড় মেলিসা মঙ্গলবার ক্যাটাগরি-৪ মাত্রার প্রচণ্ড শক্তি নিয়ে কিউবার দ্বিতীয় বৃহত্তম শহরের দিকে ধেয়ে যাচ্ছিল। এর কয়েক ঘণ্টা আগে, এটি প্রতিবেশী জ্যামাইকায় আছড়ে পড়ে—যেটি দেশটির ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।

মেলিসা প্রথম আঘাত হানে জ্যামাইকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিউ হোপ শহরের কাছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ মাইল (২৯৫ কিমি), যা ক্যাটাগরি-৫ মাত্রার চেয়েও বেশি। ক্যাটাগরি–৫ ঝড়ে ন্যূনতম গতিবেগ থাকে ঘণ্টায় ১৫৭ মাইল (২৫২ কিমি)।

জ্যামাইকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সেন্ট এলিজাবেথ এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানান, এই এলাকা পুরোপুরি ‘জলের নিচে’ চলে গেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষ।

জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সিএনএনকে বলেন, ‘আমরা যেসব প্রতিবেদন পেয়েছি, তাতে দেখা গেছে হাসপাতাল, আবাসিক ও বাণিজ্যিক ভবন, এমনকি সড়ক অবকাঠামোরও বড় ধরনের ক্ষতি হয়েছে।’

তিনি বলেন, এখনো কোনো মৃত্যুর খবর সরকার আনুষ্ঠানিকভাবে পায়নি, তবে ঝড়ের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে ধরে নেওয়া যায়, কিছু প্রাণহানি ঘটতে পারে।

দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, মেলিসার বাতাসের গতি কিছুটা কমে এসে দাঁড়িয়েছে ঘণ্টায় ১৪৫ মাইল (২৩৩ কিমি)। তবে ঝড়টি পাহাড়ি দ্বীপের পাশ দিয়ে অতিক্রম করার সময় ভূমিধস ও বন্যার ঝুঁকিতে থাকা উচ্চ অঞ্চলগুলোতে ব্যাপক আঘাত হানে।

প্রকৌশলীরা জানাচ্ছেন, ঝড়টি এখন পূর্বদিকে বাঁক নিচ্ছে এবং কিউবার সান্তিয়াগো দে কুবা শহরের দিকে যাচ্ছে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল সরকারি সংবাদপত্র গ্রানমায় প্রকাশিত এক বার্তায় বলেন, ‘আজ বিকেল ও সন্ধ্যায় আমরা ঝড়ের মূল প্রভাব অনুভব করতে পারি। সবাইকে সরিয়ে নেওয়ার নির্দেশ মানতে হবে।’ তিনি আরও বলেন, ‘অনেক কাজ করতে হবে। আমরা জানি, এই ঝড় অনেক ক্ষতি ডেকে আনবে।’

কিউবা কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ লাখ মানুষকে উঁচু এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, ঝড়ের পরবর্তী গন্তব্য বাহামা দ্বীপপুঞ্জের দক্ষিণাংশ থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে।

পূর্বদিকে, হাইতি ও ডোমিনিকান রিপাবলিকের দ্বীপে কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে কমপক্ষে চারজন মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন