Logo
Logo
×

আন্তর্জাতিক

আরও অর্ধশতাধিক ভারতীয়কে ভারতে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১২:৩৫ পিএম

আরও অর্ধশতাধিক ভারতীয়কে ভারতে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার অভিযোগে আরও ৫৪ ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তারা অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে বসবাস করছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। 

সোমবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

রবিবার পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতে ফেরত পাঠানো সবাই ‘ডংকি রুট’ নামে পরিচিত অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সম্প্রতি তারা দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পুলিশের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানোদের মধ্যে ১৬ জনই হরিয়ানার করনাল জেলার বাসিন্দা। এছাড়া ১৫ জন কাইথালের এবং ৫ জন আম্বালার বাসিন্দা রয়েছেন। এদের অধিকাংশের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।

করনাল পুলিশ জানায়, সবাইকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে এবং কোনো দালালের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি। করনালের ডিএসপি সন্দীপ কুমার বলেন, ‘আজ আরও কিছু ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে হরিয়ানার ৫০ জন। কেবল করনাল জেলা থেকেই রয়েছেন ১৬ জন। সবাই “ডংকি রুটে” যুক্তরাষ্ট্রে ঢুকেছিল, কিন্তু আজ ফেরত এসেছে।’

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হচ্ছে। এ বছরই শত শত ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন