Logo
Logo
×

আন্তর্জাতিক

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন তাকাইচি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১১:০৮ এএম

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন তাকাইচি

জাপানের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি সানায়ে। মঙ্গলবার সকালে পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটে তিনি জয় পেয়েছেন।

৪৬৫ সদস্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তিনি পেয়েছেন ২৩৭টি ভোট। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে প্রয়োজন ছিল ২৩৩ ভোটের। তার এই জয় নিশ্চিত করেছে নতুন প্রধানমন্ত্রীর পথ।

সন্ধ্যায় দেশটির উচ্চকক্ষেও তাকাইচির নিয়োগ অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব ঠিক থাকলে মঙ্গলবারই তিনি জাপানের ১০৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

ভোটগ্রহণের সময় তাকাইচিকে সহকর্মীদের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায়। ভোট শেষে গণনার সময়ও তিনি বেশ শান্ত ছিলেন।

তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং ডানপন্থী জাপান ইনোভেশন পার্টি ‘ইশিন’-এর মধ্যে হওয়া জোট এই জয়ের ভিত্তি তৈরি করে। যদিও তাদের সম্মিলিত আসনসংখ্যা ছিল সংখ্যাগরিষ্ঠতার ঠিক নিচে, তবে বাস্তবে তাকাইচির জয় নিয়ে তেমন কোনো সংশয় ছিল না।

ভোটের আগে থেকেই সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে আলোচনা চলছিল। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাকাইচি সাবেক মন্ত্রী সাতসুকি কাটায়ামাকে নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন। এই পদে তিনিই হবেন জাপানের প্রথম নারী অর্থমন্ত্রী।

তাকাইচি এর আগেও জানিয়েছেন, তিনি মন্ত্রিসভায় আরও বেশি নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে চান।

সামাজিকভাবে রক্ষণশীল ভাবনার মানুষ হিসেবে তাকাইচির অবস্থান বেশ স্পষ্ট। তিনি যেমন বিবাহিত দম্পতিদের একই পদবী রাখার আইন পরিবর্তনের বিরোধী। অভিবাসন, মূল্যস্ফীতি ও স্থবির অর্থনীতি নিয়ে তার উদ্বেগ ও কঠোর মনোভাব জাপানকে ডানদিকে মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

তাকাইচির এই জয় এল এমন এক সময়ে, যখন জাপানে পাঁচ বছরে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী বদল হচ্ছে। তার আগের প্রধানমন্ত্রী ইশিবা মাত্র এক বছরের মাথায় পদত্যাগ করেন।

এদিকে, জাপানের শেয়ারবাজারে এই রাজনৈতিক পরিবর্তনের প্রভাব ইতিমধ্যে দেখা গেছে। পার্লামেন্টে ভোট শুরুর আগে নিক্কেই শেয়ার সূচক ১.৫ শতাংশ বেড়ে পৌঁছেছে প্রায় ৫০ হাজারের কাছাকাছি।

তাকাইচির সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো— বিরোধী দলগুলোর সমর্থন আদায় করা, বিশেষ করে আসন্ন সম্পূরক বাজেট পাসের ক্ষেত্রে।

জাপানের রাজনীতিতে নারীর নেতৃত্বের এই নতুন অধ্যায় কতটা বদল আনবে, সেটিই এখন দেখার বিষয়। তবে পার্লামেন্টে আজকের এই ভোট যে ইতিহাস হয়ে থাকল, তাতে কোনো সন্দেহ নেই।

সূত্র: রয়টার্স

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন