Logo
Logo
×

আন্তর্জাতিক

রুশ গোয়েন্দাদের সঙ্গে ইউরোপমুখী অভিবাসন পাচারচক্রের যোগসূত্র

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ এএম

রুশ গোয়েন্দাদের সঙ্গে ইউরোপমুখী অভিবাসন পাচারচক্রের যোগসূত্র

রাশিয়ান গোয়েন্দাদের সঙ্গে ইউরোপে মানবপাচারের চক্রের যোগাযোগ রয়েছে—এমন ইঙ্গিত পাওয়া গেছে সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে।

বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল মিতভ ‘দ্য টাইমস’কে বলেন, তার সরকারের হাতে এমন প্রমাণ রয়েছে যা রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা ও ইউরোপজুড়ে অবৈধ অভিবাসীদের চলাচলে সহায়তাকারী চক্রের মধ্যে সরাসরি যোগাযোগের বিষয়টি নিশ্চিত করে।

এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন ইউরোপের বিভিন্ন দেশের মন্ত্রীরা এবং ব্রিটেনের নেতা কিয়ার স্টারমার আগামী সপ্তাহে লন্ডনে এক বৈঠকে মিলিত হচ্ছেন। বৈঠকে পশ্চিম বলকান অঞ্চল দিয়ে ইউরোপে অবৈধ অভিবাসন ঠেকানোর কৌশল নিয়ে আলোচনা হবে।

ড্যানিয়েল মিতভ বলেন, ‘শত্রুতাপূর্ণ রাষ্ট্রগুলো ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যকে অস্থিতিশীল করতে অবৈধ অভিবাসনের ঢলকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’

তিনি আরও দাবি করেন, কিছু বামপন্থি মানবাধিকার সংগঠনও এসব পাচারকারী চক্রের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে।

এই অভিযোগগুলো এমন সময় সামনে এলো, যখন যুক্তরাজ্য সরকার ফ্রান্সে আরও ১৬ জনকে ফেরত পাঠিয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত চুক্তির আওতায় মোট ৪২ জনকে ফেরত পাঠানো হলো।

জানা গেছে, ‘ওয়ান-ইন, ওয়ান-আউট’ নামে পরিচিত চুক্তির আওতায় ফ্রান্স থেকে যুক্তরাজ্যে আসা অভিবাসীর সংখ্যা এখন ২৩।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, এই ফেরত পাঠানোর উদ্যোগ ‘ইতিহাসে প্রথম ফরাসিদের সঙ্গে আমাদের বড় ধরনের চুক্তির আওতায় সবচেয়ে বড় ফেরত পাঠানো কার্যক্রম।’

তিনি আরও বলেন, ‘এটি একটি সতর্কবার্তা—যারা ছোট নৌকায় চড়ে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের চিন্তা করছে, তাদের জানিয়ে দিচ্ছি—আপনি এলে, ফেরতও যেতে হতে পারে।’

পরবর্তী কয়েকদিনেও আরও অভিবাসন প্রত্যাবাসনের ফ্লাইট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, শনিবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে সাতটি নৌকায় মোট ৩৬৯ জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছে। সরকারি তথ্যানুযায়ী, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৩৬ হাজার ৭৩৪ জন অভিবাসী এই বিপজ্জনক পথে এসেছেন। গত বছরের পুরো সংখ্যার চেয়ে এটি মাত্র ৮২ জন কম। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৩৬ হাজার ৮১৬।

চলতি বছরের শুরুতে করা প্রত্যাবাসন চুক্তিটি মূলত চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীদের নিরুৎসাহিত করতেই করা হয়েছিল।

শাবানা মাহমুদ এই সপ্তাহে লন্ডনে পশ্চিম বলকান অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন, যা আগামী সপ্তাহের উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, আন্তর্জাতিক আইন-শৃঙ্খলা বাহিনী যৌথভাবে পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, যারা ওই অঞ্চলের মধ্য দিয়ে অভিবাসনপথ তৈরি করে রেখেছে।

সূত্র: ইস্ট লোথিয়ান কুরিয়ার

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন