ক্রেমলিন দূতের প্রস্তাব: রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে ‘পুতিন-ট্রাম্প টানেল’
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে এক ব্যতিক্রমী প্রস্তাব দিয়েছেন ক্রেমলিনের একজন প্রতিনিধি। তিনি বলেছেন, সাইবেরিয়া থেকে আলাস্কা পর্যন্ত সমুদ্রের নিচ দিয়ে একটি সুড়ঙ্গ (টানেল) তৈরি করা যেতে পারে, যা রেলপথ ও পণ্য পরিবহনের জন্য ব্যবহার হবে। এই প্রকল্প বাস্তবায়নে সহায়তা করতে পারেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক ও তার ‘দ্য বোরিং কোম্পানি’।
এই টানেলটি হলে দুই দেশ যৌথভাবে সম্পদ অনুসন্ধান করতে পারবে—এমনটাই মনে করেন রুশ প্রতিনিধি কিরিল দমিত্রিয়েভ, যিনি রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধানও। তিনি জানান, এই টানেল আর্কটিক অঞ্চলে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের যৌথ খনিজ ও জ্বালানি প্রকল্পের দরজা খুলে দিতে পারে।
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এই প্রস্তাবটি শুনতে বেশ আগ্রহজাগানিয়া।’ সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও উপস্থিত ছিলেন। ট্রাম্প তার মত জানতে চাইলে জেলেনস্কি বলেন, ‘আমি এই ধারণা নিয়ে খুশি নই।’
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর মেরুর বরফ গলছে, আর তাই এই অঞ্চলটিতে খনিজ সম্পদ উত্তোলনে নতুন উৎসাহ তৈরি হয়েছে। এর মধ্যেই এমন এক সময় এই টানেল প্রস্তাব এলো, যখন ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে এবং তারা আগামী দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এক বৈঠকে বসতে পারেন বলে খবর পাওয়া গেছে।
বেরিং প্রণালী, যা রাশিয়ার চুকচা অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাসকা প্রদেশকে আলাদা করে রেখেছে, তার সবচেয়ে সরু অংশ ৮২ কিলোমিটার প্রশস্ত। প্রণালীর মাঝখানে রয়েছে দুটি ছোট দ্বীপ—একটি রাশিয়ার, আরেকটি যুক্তরাষ্ট্রের। তাদের মাঝে দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। বহু বছর ধরেই এই দুই মহাদেশকে যুক্ত করার নানা প্রস্তাব ঘুরপাক খাচ্ছে।
দমিত্রিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে ইলন মাস্ককে ট্যাগ করে লিখেছেন, ‘চলুন একসঙ্গে ভবিষ্যৎ গড়ি।’ তিনি এটিকে ‘পুতিন-ট্রাম্প টানেল’ নামে অভিহিত করে বলেন, ‘এই প্রকল্প দুই মহাদেশ এবং দুই বিশ্বের মধ্যে ঐক্যের প্রতীক হতে পারে।’
তিনি আরও বলেন, ‘মানব ইতিহাসে প্রথমবারের মতো মহাদেশগুলিকে যুক্ত করার সময় এসেছে।’
ইতিহাস জানায়, শীতল যুদ্ধ চলাকালে ক্যানেডি-ক্রুশ্চেভ বিশ্ব শান্তি সেতুর ধারণাও তোলা হয়েছিল। সেই সময়ের একটি নকশা পোস্ট করে দমিত্রিয়েভ দেখিয়েছেন, কীভাবে এই টানেলটি নির্মাণ করা যেতে পারে।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইলন মাস্ক এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

