Logo
Logo
×

আন্তর্জাতিক

নরওয়েতে বন্ধ হলো ভেনেজুয়েলার দূতাবাস, নোবেল শান্তি পুরস্কারই কারণ?

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১১:০৩ এএম

নরওয়েতে বন্ধ হলো ভেনেজুয়েলার দূতাবাস, নোবেল শান্তি পুরস্কারই কারণ?

নরওয়ের রাজধানী অসলোতে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে ভেনেজুয়েলার দূতাবাস। এ নিয়ে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা দূতাবাস কর্তৃপক্ষের কাছ থেকে শুধু একটি বন্ধের নোটিশ পেয়েছে, কিন্তু এর কোনো কারণ জানানো হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেসিলি রোয়াং বলেন, ‘এটা দুঃখজনক। যদিও আমাদের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে, তবুও নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চায় এবং সেই চেষ্টাই আমরা করে যাব।’

নরওয়ের দৈনিক ভার্ডেনস গ্যাং জানিয়েছে, সোমবার দুপুরের পর থেকেই দূতাবাসে ফোন করে কাউকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় দেখা যায়, সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন।

এই দূতাবাস বন্ধ হওয়ার ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন মাত্র তিন দিন আগে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো অসলোতেই পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার।

মাচাদোকে সম্মান জানিয়ে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়রগেন ওয়াতনে ফ্রিডনেস বলেছিলেন, ‘ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলস কাজ করেছেন। শান্তিপূর্ণ ও ন্যায্য উপায়ে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের লড়াইয়ে তার ভূমিকা অনন্য।’

তবে তার এই সম্মানে ক্ষুব্ধ হয়েছে ভেনেজুয়েলার বর্তমান সরকার। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রোববার এক বক্তব্যে মাচাদোর নাম না করে তাকে ‘শয়তানি জাদুকরী’ বলে কটাক্ষ করেন।

মাদুরো বলেন, ‘আমরা শান্তি চাই, আর শান্তিই পাব। তবে সে শান্তি হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে।’ এই মন্তব্য তিনি করেন আমেরিকা আবিষ্কারের দিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে, যেটি ভেনেজুয়েলায় ‘আদিবাসী প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হয়।

উল্লেখ্য, মারিয়া কোরিনা মাচাদো ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়। ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয় মাদুরোকে, যদিও বিরোধীরা ফলাফল মানেনি।

মাচাদো নোবেল পুরস্কার উৎসর্গ করেছেন ‘ভেনেজুয়েলার দুঃখ-কষ্টে থাকা মানুষদের’ জন্য। একই সঙ্গে তিনি এই পুরস্কার উৎসর্গ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামেও।

শনিবার যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ চ্যানেলে এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, ‘ট্রাম্প এই পুরস্কারের যোগ্য। কারণ তিনি কয়েক মাসের মধ্যে আটটি যুদ্ধ থামাতে ভূমিকা রেখেছেন। তার পদক্ষেপেই আজ ভেনেজুয়েলা স্বাধীনতার দ্বারপ্রান্তে।’

এই পরিপ্রেক্ষিতে বিশ্লেষকরা মনে করছেন, মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তে নাখোশ হয়ে ভেনেজুয়েলা অসলোতে তাদের দূতাবাস বন্ধ করেছে। তবে দেশটি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন