Logo
Logo
×

আন্তর্জাতিক

৭ জন ইসরায়েলি জিম্মি মুক্ত, হস্তান্তর করা হয়েছে রেড ক্রসের হাতে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০৪ পিএম

৭ জন ইসরায়েলি জিম্মি মুক্ত, হস্তান্তর করা হয়েছে রেড ক্রসের হাতে

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, সাতজন জিম্মিকে গাজা থেকে মুক্ত করে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন তারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে যোগ দিতে পথে রয়েছে—বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

এই খবরে তেলআবিবের ‘হোস্টেজ স্কয়ারে’ উপস্থিত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। সেখানে জিম্মি পরিবারের স্বজন ও সাধারণ মানুষ জড়ো হয়ে অপেক্ষায় ছিলেন খবরের জন্য।

আনন্দে ফেটে পড়ল হোস্টেজ স্কয়ার

তেলআবিবের হোস্টেজ স্কয়ার থেকে প্রতিবেদক ড্যানিয়েল বফি জানান, কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন সেখানে। মঞ্চ থেকে ঘোষণা দেওয়া মাত্রই চারদিক থেকে গর্জে ওঠে উল্লাস—জিম্মিদের একটি অংশ ইসরায়েলি সেনাদের কাছে পৌঁছে গেছে।

ইসরায়েলি সরকার বা সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেনি। তবে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, যাদের মুক্তি দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন মাতান আংগ্রেস্ট, গাই গিলবোয়া দালাল, আলোন ওহেল, গালি বারমান, জিভি বারমান, এয়তান মর এবং ওমরি মোরান। যদিও পরে প্রকাশিত একটি তালিকায় এয়তান তজুরের নাম বাদ পড়ে।

৫৫ বছর বয়সী জুডে ফ্রাইডেনরাইখ ইসরায়েলের পতাকা হাতে দাঁড়িয়ে বললেন, ‘আমি প্রতি শনিবার এই স্কয়ারে আসি। শুধু এই দৃশ্যটা দেখার জন্য অপেক্ষা করছিলাম।’

চারদিকে তখন উচ্ছ্বাস, চোখে জল। মুক্তির এই খবরে কিছুক্ষণের জন্য হলেও যেন আলো ফিরে আসে ভাঙা হৃদয়ের শহরে।

ফিলিস্তিনি বন্দিমুক্তির অপেক্ষা

এদিকে, এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, সোমবার মুক্তি পেতে যাচ্ছেন আজীবন সাজাপ্রাপ্ত ২৫০ জন ফিলিস্তিনি বন্দি। তাদের মুক্তি দেওয়া হবে পশ্চিম তীর, জেরুজালেম ও আরও কিছু স্থানে।

আর গাজা থেকে যাদের ইসরায়েল আটক করেছিল, সেই ১,৭১৬ জন ফিলিস্তিনি বন্দিকেও সোমবার গাজার নাসের হাসপাতালে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই বন্দিমুক্তি ও জিম্মিমুক্তি—দুই পক্ষের কাছেই এক দীর্ঘ ও অস্থির সময়ের পর এক নতুন সূচনা এনে দিতে পারে বলে আশা করছেন অনেকেই।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন