Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের গাজা ঘোষণা: এরপর কী হতে পারে?

আল জাজিরার বিশ্লেষণ

Icon

এলিজাবেথ মেলিমোপোলস

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০২:০৩ পিএম

ট্রাম্পের গাজা ঘোষণা: এরপর কী হতে পারে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় সংক্রান্ত শান্তি কাঠামোর প্রথম ধাপে একমত হয়েছে।

এটি ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ, যা তিনি গত সপ্তাহে প্রকাশ করেছিলেন। ওই পরিকল্পনা ইসরায়েল, হামাস এবং বিশ্বের অনেক দেশই স্বাগত জানিয়েছে।

এই যুদ্ধে এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একে ‘গণহত্যার পর্যায়ের যুদ্ধ’ বলে উল্লেখ করেছে।

বুধবার রাতে ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে বলেন, ‘ইসরায়েল ও হামাস আমার প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মত হয়েছে। খুব শিগগিরই সব বন্দিকে মুক্তি দেওয়া হবে, আর ইসরায়েল সেনা প্রত্যাহার করবে নির্ধারিত সীমারেখা পর্যন্ত।’

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, প্রয়োজনে তিনি এই সপ্তাহেই মধ্যপ্রাচ্যে যাবেন, যাতে চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিশ্চিত হয়। তিনি প্রথম এই ২০ দফা প্রস্তাব প্রকাশ করেন ২৯ সেপ্টেম্বর, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর।

বুধবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি হাতে লেখা নোট দেন ট্রাম্পকে। সেই নোটে লেখা ছিল, ‘আমরা খুব কাছাকাছি—আপনাকে দ্রুত ঘোষণা দিতে হবে।’ এরপর ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যে একটি বড় চুক্তি হতে যাচ্ছে, আমাকে সেখানে যেতে হবে।’

ট্রাম্প তার পোস্টে আরও লেখেন, ‘ইসরায়েল ও হামাস শান্তি পরিকল্পনার প্রথম ধাপে স্বাক্ষর করেছে। সব বন্দিকে খুব দ্রুত মুক্তি দেওয়া হবে। ইসরায়েল সেনা প্রত্যাহার করবে সম্মত সীমারেখা পর্যন্ত। এটিই শক্তিশালী ও দীর্ঘস্থায়ী শান্তির সূচনা। সব পক্ষের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করা হবে।’

তিনি কাতার, মিসর ও তুরস্ককেও ধন্যবাদ জানান মধ্যস্থতার জন্য। আট মাসের আলোচনার পর এটিই গাজা যুদ্ধ বিষয়ে ট্রাম্পের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধ করাকে নিজের অন্যতম অগ্রাধিকার বলেছিলেন।

তবে অনেক বিষয় এখনো অনিশ্চিত। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও হামাসের মধ্যে কিছু মৌলিক মতপার্থক্য রয়ে গেছে—বিশেষ করে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময় ও মাত্রা, যুদ্ধ-পরবর্তী গাজা প্রশাসন এবং হামাসের অস্ত্র সমর্পণের প্রশ্নে। আল জাজিরার রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, ‘চুক্তির প্রাথমিক ধাপটি কার্যকর হচ্ছে, তবে এখনো অনেক বিষয় নির্ধারণ বাকি।’

ট্রাম্প ফক্স নিউজে বলেন, ‘বন্দিদের সোমবারের মধ্যেই মুক্তি দেওয়া হতে পারে, এমনকি যারা নিহত হয়েছেন, তাদের দেহও ফেরত দেওয়া হবে।’ হামাসের একটি সূত্র জানিয়েছে, চুক্তি ইসরায়েলি মন্ত্রিসভা অনুমোদনের ৭২ ঘণ্টার মধ্যেই জীবিত বন্দিদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, প্রক্রিয়াটি শনিবার থেকেই শুরু হতে পারে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একে ‘ইসরায়েলের জন্য মহান দিন’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমাদের জিম্মিদের মুক্তির এই পবিত্র মিশনে আন্তরিক প্রচেষ্টার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দলকে ধন্যবাদ জানাই। ঈশ্বরের সাহায্যে আমরা আমাদের সব লক্ষ্য পূরণ করব।’

অন্যদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, এই চুক্তিতে যুদ্ধ বন্ধ, ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, ত্রাণ সহায়তার প্রবেশ এবং বন্দি বিনিময়ের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তারা ট্রাম্পসহ মধ্যস্থতাকারী দেশগুলোকে আহ্বান জানিয়েছে যেন ইসরায়েল চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করে এবং বিলম্ব না ঘটায়।

হামাস আরও বলেছে, ‘আমরা গাজা, জেরুজালেম ও পশ্চিম তীরের মানুষদের প্রতি শ্রদ্ধা জানাই—যারা অসামান্য সাহস ও মর্যাদা দেখিয়েছে। তাদের ত্যাগই ইসরায়েলি দখলদারদের পরিকল্পনা ব্যর্থ করেছে।’

চুক্তি অনুযায়ী, নেতানিয়াহু বৃহস্পতিবার তার মন্ত্রিসভায় এটি অনুমোদনের জন্য তুলবেন। ভোট পাস হলে ইসরায়েলি বাহিনী পিছিয়ে আসবে, এবং ৭২ ঘণ্টার মধ্যেই হামাস বন্দি মুক্তির প্রক্রিয়া শুরু করবে।

ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যে মিসরে যাওয়ার পরিকল্পনা করছেন। নেতানিয়াহু তাকে ইসরায়েলি সংসদে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন, এবং ট্রাম্প জানিয়েছেন, তিনি সম্ভবত সেখানে বক্তৃতা দেবেন।

চুক্তির পরবর্তী ধাপে গাজার যুদ্ধ-পরবর্তী প্রশাসন দেখভালের জন্য ‘বোর্ড অব পিস’ নামে একটি আন্তর্জাতিক কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। ট্রাম্প এই বোর্ডের চেয়ারম্যান হবেন, আর এর সঙ্গে যুক্ত থাকবেন বিশ্বনেতারা, যাদের মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও।


এলিজাবেথ মেলিমোপোলস আল জাজিরা ইংরেজির অনলাইন প্রযোজক।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন