Logo
Logo
×

আন্তর্জাতিক

মিশিগান গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত অন্তত চারজন, আহত আট

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম

মিশিগান গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত অন্তত চারজন, আহত আট

মিশিগানের এক গির্জায় ভয়াবহ হামলা চালালেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, তিনি প্রথমে গাড়ি নিয়ে গির্জার সামনের দরজা ভেঙে ঢুকে পড়েন, তারপর অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালান এবং আগুন ধরিয়ে দেন। এতে অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আটজনের বেশি। শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে গোলাগুলির মুখে হামলাকারী নিজেও মারা যান।

হামলাকারীর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি হচ্ছেন ৪০ বছর বয়সী থমাস জ্যাকব স্যানফোর্ড, মিশিগানের বার্টন শহরের বাসিন্দা এবং সাবেক মার্কিন মেরিন। তিনি ইরাক যুদ্ধেও অংশ নিয়েছিলেন। পুলিশ বলছে, স্যানফোর্ড ইচ্ছে করেই ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস’ গির্জায় আগুন লাগান। পুরো ভবন মুহূর্তেই আগুন ও ধোঁয়ায় ভরে যায়।

প্রথমে গুলিতে দুইজন মারা যান এবং আটজনকে হাসপাতালে নেওয়া হয়। কয়েক ঘণ্টা পর দগ্ধ গির্জার ভেতর থেকে আরও অন্তত দুইজনের লাশ পাওয়া যায়। এখনো কিছু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন গ্র্যান্ড ব্লাঙ্ক টাউনশিপ পুলিশের প্রধান উইলিয়াম রেনিয়ে।

মার্কিন অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দপ্তরের একজন কর্মকর্তা জানান, হামলাকারী গির্জায় আগুন ধরাতে সম্ভবত পেট্রল ব্যবহার করেছেন এবং ঘটনাস্থল থেকে কিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। এফবিআই জানিয়েছে, তারা তদন্তের নেতৃত্ব দিচ্ছে এবং এটিকে ‘টার্গেটেড ভায়োলেন্স’ হিসেবে দেখছে।

ঘটনার সময় গির্জায় শত শত মানুষ উপস্থিত ছিলেন। জরুরি ফোন পেয়ে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। মাত্র আট মিনিটের মধ্যে গির্জার বাইরে পার্কিং লটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে স্যানফোর্ড মারা যান। পুলিশ বলছে, এখন তার বাড়ি ও মোবাইল ফোন খতিয়ে দেখা হবে, কেন তিনি এমন ভয়াবহ হামলা চালালেন তার সূত্র খুঁজতে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের অন্য এক প্রান্তে, নর্থ ক্যারোলিনার সাউথপোর্টে আরও এক সাবেক মেরিন হামলা চালিয়েছেন। ৪০ বছর বয়সী নাইজেল ম্যাক্স এজ একটি নৌকা থেকে পানির ধারের একটি বারে গুলি চালান। এতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে তিনটি হত্যার অভিযোগ ও পাঁচটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। আদালতের নথিতে দেখা যায়, এজ ইরাক যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন এবং একসময় তার নাম ছিল শন উইলিয়াম ডেবিভয়েস। পরে নাম পরিবর্তন করেন।

মিশিগানের ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী স্থানীয় টিভিকে বলেন, তিনি ‘একটা প্রচণ্ড শব্দ শুনেছেন, দরজা উড়ে গেছে।’ তিনি কেঁদে বলেন, ‘আমি আমার বন্ধুদের হারিয়েছি, এমনকি রবিবারে যাদের আমি পড়াই সেই ছোট ছোট বাচ্চাদেরও আঘাত লেগেছে। এটা আমার জন্য ভীষণ বিধ্বংসী।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, এটি স্পষ্টতই আবারও মার্কিন খ্রিস্টানদের ওপর টার্গেটেড হামলা। তিনি লিখেছেন, ‘আমাদের দেশে এই সহিংসতার মহামারী অবিলম্বে বন্ধ করতে হবে।’

‘চার্চ অব জিজাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস’, যেটি মরমন চার্চ নামেও পরিচিত, যিশুর শিক্ষা এবং উনিশ শতকের নবী জোসেফ স্মিথের ভাববাদকে অনুসরণ করে।

গ্র্যান্ড ব্লাঙ্ক শহরটির জনসংখ্যা প্রায় সাত হাজার সাতশ, ডেট্রয়েট থেকে প্রায় ৬০ মাইল উত্তর-পশ্চিমে। মিশিগানের এই হত্যাযজ্ঞ ছিল ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে নথিবদ্ধ ৩২৪তম গণহত্যার ঘটনা। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এ নিয়ে দেশজুড়ে তিনটি গণহামলার ঘটনা ঘটেছে—নর্থ ক্যারোলিনা, মিশিগান এবং টেক্সাসের ঈগল পাসে একটি ক্যাসিনোতে, যেখানে অন্তত দুজন নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন