Logo
Logo
×

আন্তর্জাতিক

উত্তর কোরিয়া-মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

উত্তর কোরিয়া-মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যকার অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষাপটে দুই দেশের রাষ্ট্রায়ত্ত দু’টি কোম্পানি এবং তাদের পাঁচজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। খবর রয়টার্সের।

বিবৃতিতে জানানো হয়, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সেনাবাহিনী উত্তর কোরিয়া থেকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম কেনা বাড়িয়েছে। পুরো লেনদেন পরিচালিত হয় মিয়ানমারের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশনের (কোমিড) মাধ্যমে।

নিষেধাজ্ঞার আওতায় রয়্যাল শুন লেই কোম্পানির পরিচালক অউং কো কো উ, শীর্ষ কর্মকর্তা কিয়াও থু মিয়ো মিন্ত ও তিন মিও অউং এবং কোমিডের উপপরিচালক কিম ইয়ং জু ও কর্মকর্তা ন্যাম চোল উং-এর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, অস্ত্রের অর্ডার গ্রহণ, চালান পাঠানো এবং বিক্রির অর্থ উত্তর কোরিয়ার সরকার ও দেশটির গোয়েন্দা সংস্থা ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতেন কোমিডের ওই দুই কর্মকর্তা। উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা ফরেন ইন্টেলিজেন্স এজেন্সিকে কয়েক বছর আগে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জন হার্লে বলেন, ‘উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্ক অবৈধ এবং এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সরাসরি হুমকি।’ 

ওয়াশিংটনের এই পদক্ষেপের বিষয়ে জানতে চাইলেও উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধি দল এবং মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন