Logo
Logo
×

আন্তর্জাতিক

কলম্বোতে প্রথমবারের মতো হতে যাচ্ছে সার্ক হেরিটেজ ফোরাম

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ এএম

কলম্বোতে প্রথমবারের মতো হতে যাচ্ছে সার্ক হেরিটেজ ফোরাম

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার সার্ক কালচারাল সেন্টারের উদ্যোগে প্রথমবারের মতো কলম্বোয় তিন দিনব্যাপী বার্ষিক সার্ক হেরিটেজ ফোরাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই ফোরাম অনুষ্ঠিত হবে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) কলম্বোস্থ সার্ক কালচারাল সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ফোরামে সার্কভুক্ত সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়া এর উদ্বোধন করবেন ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়া অসংখ্য দৃশ্যমান ঐতিহ্যের ভাণ্ডার যেমন—বৌদ্ধ স্তূপ, স্বতন্ত্র হিন্দু মন্দির, মুঘল বাগান, সাংস্কৃতিক ভূদৃশ্য, প্রাচীন জলাধার এবং বহুধর্মীয় সাংস্কৃতিক নিদর্শন রয়েছে। আর এসব ঐতিহ্যকে মাথায় রেখে শ্রীলঙ্কার সার্ক কালচারাল সেন্টার আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বার্ষিক সার্ক হেরিটেজ ফোরাম আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজনকে দক্ষিণ এশিয়ায় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ফোরামের লক্ষ্য হচ্ছে—অঞ্চলের এই বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে যৌথ সম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তা সংরক্ষণ, প্রচার ও বিনিময়ের ব্যবস্থা করা। পাশাপাশি দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করাও ফোরামের লক্ষ্য। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দক্ষিণ এশিয়া যেহেতু বুদ্ধের জন্মভূমি, তাই এটি কোটি মানুষের কাছে এক অনন্য আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। বৌদ্ধ ধর্মের বিস্তারের ফলে এ অঞ্চলে গড়ে ওঠা অসংখ্য নিদর্শন ও তীর্থস্থানকে চিহ্নিত ও মানচিত্রভুক্ত করে আন্তর্জাতিক সাংস্কৃতিক পথ (cultural trails) গড়ে তোলাই ফোরামের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে পর্যটন ও আধ্যাত্মিক ভ্রমণ উভয় ক্ষেত্রেই নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত সার্ক সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকের নির্দেশনা অনুযায়ী সার্ক হেরিটেজ ফোরামের উদ্যোগ নেওয়া হয়। যা পরবর্তীতে ২০১৪ সালের অক্টোবরে কাঠমান্ডুতে অনুষ্ঠিত ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের ঘোষণাতেও প্রতিফলিত হয়। ওই নির্দেশনায় গুরুত্ব দেওয়া হয়—

সার্ক এজেন্ডা ফর কালচার (২০০৭, নয়াদিল্লি) কার্যকরভাবে বাস্তবায়ন, দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ ও পুনরুদ্ধার, একটি সার্ক হেরিটেজ তালিকা ও তার কার্যকর নির্দেশিকা প্রণয়ন এবং সীমান্ত অতিক্রম করে পবিত্র স্থানসমূহে প্রবেশের সুযোগ বৃদ্ধিসহ সাংস্কৃতিক পথের উন্নয়ন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন