Logo
Logo
×

আন্তর্জাতিক

এস্তোনিয়ার আকাশে রুশ যুদ্ধবিমান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পিএম

এস্তোনিয়ার আকাশে রুশ যুদ্ধবিমান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার একটি জরুরি বৈঠকে বসছে রাশিয়ার যুদ্ধবিমান কর্তৃক এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি নিয়ে। এস্তোনিয়া এবং জাতিসংঘের কর্মকর্তারা রোববার এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকটি আহ্বান করেছে এস্তোনিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ফিনল্যান্ড উপসাগরের ওপর দিয়ে তিনটি রুশ মিগ-৩১ যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করে এবং ১২ মিনিট অবস্থান করে। পরে ন্যাটোর জঙ্গি বিমান ওই রুশ বিমানের গতিপথ আটকে দেয়।

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস সাহকনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, রাশিয়ার এমন আচরণ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তার মৌলিক নীতিকে ক্ষুণ্ন করে। তিনি বলেন, এই ঘটনা যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একজন স্থায়ী সদস্যের দ্বারা সংঘটিত হয়, তখন তা অবশ্যই ওই পরিষদেই তুলতে হবে।

এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই বৈঠকে ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনের “সরাসরি, বেপরোয়া ও স্পষ্ট” ঘটনাটি আলোচনার জন্য উঠবে। একই সঙ্গে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের রাশিয়ার ধারাবাহিক আচরণও এতে আলোচ্য হবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, তাদের বিমানগুলো আন্তর্জাতিক নিয়ম মেনেই উড়েছে এবং এস্তোনিয়ার আকাশসীমা অতিক্রম করেনি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দ্যুজারিক জানিয়েছেন, বৈঠকটি সোমবার সকাল ১০টায় (ইস্টার্ন টাইম) অনুষ্ঠিত হবে।

ইউক্রেনও এই বৈঠকে উপস্থিত থেকে নিজেদের অবস্থান জানাতে চেয়েছে। তারা তাদের এই অনুরোধটি জমা দিয়েছে দক্ষিণ কোরিয়ার কাছে, যেটি এই মাসে নিরাপত্তা পরিষদের ঘূর্ণায়মান সভাপতির দায়িত্বে রয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা লিখেছেন, “৩৪ বছরে প্রথমবারের মতো এস্তোনিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের অনুরোধ জানাল। এটা দেখায়, আগ্রাসী রাশিয়ার কারণে ইউরোপের স্থিতিশীলতা কত বড় হুমকির মুখে।”

এ ঘটনার পর এস্তোনিয়া ন্যাটোর আর্টিকেল ৪ অনুযায়ী একটি বিশেষ পরামর্শ বৈঠকের আহ্বানও জানিয়েছে। ন্যাটো সদস্যদের মধ্যে কেউ যদি নিরাপত্তা হুমকি অনুভব করে, তবে এই ধারা অনুযায়ী বিষয়টি জোটের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের স্তরে তোলা যায়। এ সপ্তাহেই সেই বৈঠক হওয়ার কথা।

এই নিয়ে গত কয়েক দিনের মধ্যে দ্বিতীয়বার কোনো ন্যাটো সদস্য রাষ্ট্র এই ধারা সক্রিয় করলো। এর আগে পোল্যান্ড একই অনুরোধ জানিয়েছিল, তাদের আকাশসীমায় একাধিক রুশ ড্রোন ও যুদ্ধবিমান প্রবেশের ঘটনার পর।

অন্যদিকে, সুইডিশ ও জার্মান সামরিক বাহিনী রোববার জানিয়েছে, বাল্টিক সাগরের দক্ষিণাংশে আন্তর্জাতিক আকাশসীমার মধ্যে এক রুশ গোয়েন্দা বিমান শনাক্ত করতে জার্মান ইউরোফাইটার ও সুইডিশ জেএএস ৩৯ গ্রিপেন উড়িয়ে দেওয়া হয়। ওই রুশ বিমানটির কোনো ফ্লাইট প্ল্যান বা রেডিও যোগাযোগ ছিল না।

সূত্র: সিএনএন

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন