Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েল স্থল অভিযানের পর গাজা ছাড়ার ‘অস্থায়ী’ পথ খুলে দিয়েছে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পিএম

ইসরায়েল স্থল অভিযানের পর গাজা ছাড়ার ‘অস্থায়ী’ পথ খুলে দিয়েছে

ইসরায়েল বুধবার বলেছে, তারা গাজা শহর থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার জন্য একটি "অস্থায়ী" পথ চালু করেছে। এর ঠিক আগেই তারা শহরের ভেতরে ব্যাপক বোমাবর্ষণের পর স্থল অভিযানে নামে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদরেই জানান, “সালাহ আল-দিন সড়ক দিয়ে অস্থায়ী একটি পরিবহন পথ খোলা হচ্ছে।” ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, এই পথ ৪৮ ঘণ্টার জন্য খোলা থাকবে।

এর আগের দিন, মঙ্গলবার, ইসরায়েল বহুদিন ধরে ঘোষণা দিয়ে রাখা তাদের স্থল অভিযান শুরু করে গাজা শহরে। ট্যাংক ও বিস্ফোরক বোঝাই দূরনিয়ন্ত্রিত সাঁজোয়া যান পাঠানো হয় শহরের ভেতরে। জাতিসংঘের এক কমিশনের প্রতিবেদনে গাজায় গণহত্যার অভিযোগ ওঠার পরও ইসরায়েল এই অভিযান চালায়। তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সেই প্রতিবেদনকে “বিকৃত ও মিথ্যা” বলে প্রত্যাখ্যান করেছে।

গাজা শহরে চালানো এই অভিযানে কত সময় লাগতে পারে, এ নিয়ে প্রথমবারের মতো ইসরায়েল সেনাবাহিনী জানায়— পুরো প্রক্রিয়া শেষ করতে কয়েক মাস সময় লাগবে। গাজা শহর হচ্ছে এই ভূখণ্ডের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই অভিযানের লক্ষ্য হলো “শত্রুকে পরাজিত করা এবং জনগণকে সরিয়ে নেওয়া।” তবে আশ্চর্যজনকভাবে, এতদিন যেটা এই যুদ্ধের প্রধান লক্ষ্য বলে প্রচার করা হয়েছিল— অপহৃত ইসরায়েলিদের মুক্তি— সেই প্রসঙ্গ এবার আর উত্থাপন করা হয়নি।

অপহৃতদের পরিবারের সদস্যরা এবং তাদের সমর্থকরা মঙ্গলবার নেতানিয়াহুর জেরুজালেমের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন। তাঁরা অভিযোগ করেন, নেতানিয়াহু তাদের প্রিয়জনদের একরকম পরিত্যাগই করেছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ইসরায়েল কোনও শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী নয়।

তিনি বলেন, “ইসরায়েল শেষ অবধি যেতে চায় এবং তারা যুদ্ধবিরতির বিষয়ে কোনো আন্তরিক আলোচনায় আগ্রহী নয়। এর পরিণতি ইসরায়েলের দিক থেকেও হতে পারে ভয়াবহ।”

সূত্র: দ্য গার্ডিয়ান

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন