নেপালের সরকারপ্রধান হিসেবে সুশীলা কার্কির শপথ
ছবি: সংগৃহীত
নেপালে অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নেপালের রাষ্ট্রপতি ভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে প্রথমবার কোনো নারী সরকারপ্রধান পেলো হিমলয় অঞ্চলের দেশটি। খবর এনডিটিভির।
এর আগে, নেপালের রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেলের সঙ্গে বৈঠক করেন দেশটির সেনাপ্রধান অশোক রাজ সিন্ডেল ও বিক্ষোভকারী শিক্ষার্থীরা। বৈঠকে জেন-জিদের দাবি মেনে নিয়ে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগের সিদ্ধান্ত হয়।
পরে শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। আজ স্থানীয় সময় রাত ৯টায় তার শপথ নেওয়ার কথা রয়েছে।
জেন-জি আন্দোলনে কে পি শর্মা অলি পদত্যাগ করেন। এখন সুশীলা কার্কি প্রধানমন্ত্রীর পদে অসীন হলেন। ইতোমধ্যে গঠন করা হয়েছে ছোট আকারের একটি মন্ত্রিসভা।
সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এ কারণে জেন-জির কাছে তার জনপ্রিয়তা রয়েছে। ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সুশীলা কার্কি।

